পাবনার ফরিদপুরে চেয়ারম্যান পদে লড়াই হবে ত্রিমুখী

আপডেট : ১৬ মার্চ ২০১৪, ২১:২৬
জমে উঠেছে ফরিদপুর উপজেলা পরিষদ নির্বাচন। সার্বিক জরিপে দেখা যায় চেয়ারম্যান পদে ত্রিমুখী লড়াই হবে। উপজেলা পরিষদের চতুর্থ দফা নির্বাচনে মোট ৮৫ হাজার ৫শ’ ৮২ জন ভোটাধিকার প্রয়োগ করবে। নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান সরকার (দোয়াত কলম) একাই প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপরদিকে বিএনপি থেকে উপজেলা বিএনপির সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান জহুরুল ইসলাম বকুল (ঘোড়া) ও উপজেলা বিএনপির সম্পাদক আব্দুল হাকিম খান (আনারস) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগের একক প্রার্থী বলে তারা কিছুটা স্বস্তিতে আছে। বিএনপির তৃণমূলের প্রার্থী আব্দুল হাকিম খান কিন্তু বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও জেলা বিএনপির নেতৃবৃন্দ প্রার্থী হিসেবে উপজেলা বিএনপির সভাপতি ও বর্তমান চেয়ারম্যান জহুরুল ইসলাম বকুলকে চাচ্ছেন। গত ১৪ মার্চ বিএনপির দপ্তর সম্পাদক এ্যাড: রুহুল কবির রেজভী আহমেদ স্বাক্ষরিত একটি চিঠি বিতরণ করা হয়। এতে আব্দুল হাকিম খানকে ৪৮ ঘন্টার সময় দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য বলা হয়। অন্যথায় তাকে দল থেকে বহিষ্কার করা হবে বলে হুমকি দেয়া হয়। অপরদিকে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান ভাইস চেয়ারম্যান আমিনুজ্জামান রঞ্জু (চশমা), আকরাম হোসেন (তালা), সাপিনুর ইসলাম (উড়োজাহাজ), আসলাম সরকার (বাল্ব), জিল্লুর রহমান (টিয়াপাখী), জাহাঙ্গীর আলম (মাইক) ও রুহুল আমীন (টিউবওয়েল)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবিহা শারমিন (পদ্ম ফুল), নীলা (প্রজাপ্রতি), তাসলিমা করিম (হাঁস মার্কা), লিপি খাতুন (কলস) ও মুক্তি খাতুন (ফুটবল)। এরা সবাই তাদের প্রচারণা বিপুল উত্সাহে চালিয়ে যাচ্ছেন। জয়ের ব্যাপারে সবাই আশাবাদী।