টুকরো খবর

আপডেট : ১৬ মার্চ ২০১৪, ২১:২৬
নালিতাবাড়ীতে সরে দাঁড়ালেন বিএনপির চেয়ারম্যান প্রার্থী নালিতাবাড়ী (শেরপুর) সংবাদদাতা \ শেরপুরের নালিতাবাড়ী উপজলা পরিষদ নির্বাচন থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ালেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান দল সমর্থিত প্রার্থী আশরাফ আলী। ফলে বিদ্রোহী প্রার্থী মোখলেছুর রহমান রিপনই এখন দলের একমাত্র একক প্রার্থী হিসাবে রইলেন। নালিতাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও বিএনপি থেকে এখন তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৃণমূল সমর্থিত মোকছেদুর রহমান লেবু (দোয়াত কলম প্রতীক) বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম উকিল (ঘোড়া প্রতীক) এবং বিএনপি সমর্থিত নন্নী ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান রিপন (মোটরসাইকেল)। এতে করে নালিতাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনের হিসাব-নিকাশ পাল্টে যাচ্ছে বলে সর্বত্র আলোচিত হচ্ছে। ইতিমধ্যে ভোটাদের মধ্যেও শুরু হয়েছে ভোটের হিসাবের নতুন মেরুকরণ। আওয়ামী লীগের দুইজন প্রার্থী থাকার পরও এখানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হবে ত্রিমুখী। ছাগলনাইয়ায় বিএনপির ভাইস চেয়ারম্যান প্রার্থী উধাও ছাগলনাইয়া (ফেনী) সংবাদদাতা \ ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচনে বৃহস্পতিবার প্রার্থীদের প্রতীক প্রদান করা হয়। প্রতীক পাওয়ার সঙ্গে সঙ্গে সকল প্রার্থীরা ব্যাপক প্রচারণা শুরু করলেও বিএনপি সমর্থিত ভাইসচেয়ারম্যান প্রার্থী উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক কপিল উদ্দিন সরকার প্রচারণা বাদ দিয়ে হঠাত্ করে মাঠ থেকে উধাও হয়ে গেছে। বিএনপি থেকে একাধিক প্রার্থী মনোনয়ন চাইলেও তৃণমূলের ভোটে এগিয়ে থেকে কপিল উদ্দিন সরকার ভাইস চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পায়। কপিল সরকারের নির্বাচনী মাঠে অনুপস্থিত থাকার বিষয়টি টক অব দ্যা ছাগলনাইয়ায় পরিণত হয়। ভূঞাপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ ভূঞাপুরে প্রশাসনের নজরদারি না থাকায় উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীরা ব্যাপকহারে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে যাচ্ছে। একাধারে প্রার্থীরা তাদের ব্যবহূত গাড়িতে পোস্টার লাগিয়ে প্রচারণা করছে, পাল্টাপাল্টি মোটরসাইকেল শোডাউন, রঙ্গিন ব্যানার লাগানোসহ বিভিন্ন ধরনের নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করছেন। অথচ প্রশাসনের স্বজনপ্রীতির কারণে নির্বাচন আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করছে না। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হচ্ছে কিনা এবিষয়ে এখন পর্যন্ত কোন নির্বাচনী মোবাইল কোর্ট দেখা যায়নি। অভিযোগ উঠেছে, এসব কাজে স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করেই এসব চলছে। উপজেলা নির্বাচন অফিসার মো. রফিকুল ইসলাম বলেন, সুনির্দিষ্ট অভিযোগ পেলেই প্রার্থীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। নাসিরনগরে নিবার্চনী কর্মকর্তাদের প্রশিক্ষণ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার নাসিরনগর ডিগ্রী কলেজ চত্বরে অনুষ্ঠিত প্রশিক্ষণে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ডঃ মোঃ মোশারফ হোসেন, এডিসি ও রিটার্নিং অফিসার মোঃ আজাদ ছাল্লাল, পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান পিপিএম, জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ বেলায়েত হোসেন চৌধুরী, সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহমেদ প্রমুখ। মনপুরা চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় মনপুরা (ভোলা)সংবাদদাতা \ মনপুরা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে আ’লীগ সমর্থিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী আ’লীগের যুগ্ম আহবায়ক মিসেস সেলিনা আক্তার চৌধুরীর মতবিনিময় সভা শনিবার রাতে প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাব সভাপতি প্রভাষক মোঃ মাহবুবুল আলম শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় চেয়ারম্যান প্রার্থী সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন। বিয়ানীবাজারে সরগরম হয়ে উঠেছে নির্বাচনী মাঠ বিয়ানীবাজার সংবাদদাতা \ পঞ্চম পর্যায়ে উপজেলা পরিষদ নির্বাচনের প্রতীক বরাদ্দের সাথে সাথে প্রচারণায় সরগরম হয়ে উঠেছে বিয়ানীবাজার উপজেলার সর্বত্র। নির্বাচনী প্রার্থীদের পদভারে মুখরিত গ্রামাঞ্চল। চারিদিকে মাইকিং, পোস্টার, ব্যানারে ছেয়ে গেছে পুরো উপজেলা। নির্বাচনকে ঘিরে উপজেলা জুড়ে শুরু হয়েছে ব্যাপক উত্সাহ উদ্দীপনা। শুরু হয়েছে নির্বাচনের মূল পর্ব। প্রার্থীদের দৌড়ঝাঁপ এখান থেকে ওখানে, এ বাড়ি থেকে ও বাড়ি, শহর-বন্দর-গ্রামগঞ্জসহ উপজেলার প্রত্যন্ত গ্রামান্তরে এ আমেজ বইতে শুরু করেছে। প্রার্থীদের প্রত্যেকে এখন ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে ভোট ভিক্ষা চাইতে।