আপিলও খারিজদুই প্রার্থীর

আপডেট : ১৬ মার্চ ২০১৪, ২২:০১
দশম সংসদে সংরক্ষিত নারী আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধী দল জাতীয় পার্টির দুই প্রার্থীর আপিলও খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বিল খেলাপির অভিযোগে রিটার্নিং কর্মকর্তা মনোনয়ন বাতিল করার পর আওয়ামী লীগের সাবিহা নাহার বেগম ও জাতীয় পার্টির খোরশেদ আরা হক কমিশনে এই আপিল করেছিলেন। গতকাল রবিবার বিকালে শুনানি শেষে তাদের আপিল আবেদন নামঞ্জুর করা হয়। আপিল শুনানি শেষে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুল মোবারকসহ পুরো কমিশনের উপস্থিতিতে বিষয়টি সাংবাদিকদের জানানো হয়। গত ১১ মার্চ মনোনয়নপত্র বাছাইয়ের পর নির্বাচন কমিশন এ দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করে। সে সময় জানানো হয়, সাবিহা নাহার বেগমের কাছে বিটিসিএলের পাওনা ছিল ১১ হাজার ৩৩৫ টাকা। আর খোরশেদ আরার বকেয়া বিলের পরিমাণ ছিল ২ লাখ ২৩ হাজার টাকা। প্রার্থী হওয়ার জন্য তারা সেই বিল পরিশোধও করেছিলেন। কিন্তু তা নিয়ম অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের সাত দিন আগে না করে জমা দিয়েছেন দাখিলের পর। ইসি কর্মকর্তারা জানান, এবার ৫০ নারী আসনের জন্য ৪৮ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা জেসমিন টুলী। আগামীকাল ১৮ মার্চ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পার হলেই তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে। বাকি দুটি আসনের জন্য পুনঃতফসিল করা হবে বলে সহকারী রিটার্নিং কর্মকর্তা মিহির সারওয়ার মোর্শেদ জানান।