বগুড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৯০ বস্তা পলিথিন জব্দ

আপডেট : ২৮ নভেম্বর ২০১৮, ২২:১১

বগুড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পলিথিন ব্যবসায়ী ও ভেজাল মসলা ব্যবসায়ীর ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ১৯০ বস্তা প্রায় ৩০ লক্ষাধিক টাকার অবৈধ পলিথিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতসূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-৪ এর সহযোগিতায় শহরের বড়গোলা লাল মাটির ঘাটে অবস্থিত দু’টি গুদামে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বগুড়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জহুরুল ইসলাম। এ সময় পরিবেশের জন্য ক্ষতিকর অবৈধ পলিথিন মজুদ করার অপরাধে ব্যবসায়ী রামীম এন্টারপ্রাইজের মালিক বদরুল ইসলামের গুদামের কর্মচারী আব্দুল করিমের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ১৯০ বস্তা প্রায় ৩০ লক্ষাধিক টাকা মূল্যের পলিথিন জব্দ করা হয়েছে। এ ছাড়া একই স্থানে মসলা ব্যবসায়ী মাহফুজ স্টোরের গুদামে জিরার সঙ্গে মহুরী ভেজাল দিয়ে ভারতীয় ঠিকানায় তৈরি করা নকল প্যাকেটে ভরে বাজারজাত করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত রজাকপুর গ্রামের মৃত আহম্মেদ আলীর ছেলে ভেজাল মসলা ব্যবসায়ী আলহাজ মাহফুজার রহমানের ৫০ হাজার টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় বগুড়া পৌরসভার স্বাস্থ্য পরিদর্শক মোঃ শাহ আলী খান, পরিবেশ অধিদপ্তর বগুড়া কার্যালয়ের পরিদর্শক মোঃ মকবুল হোসেন উপস্থিত ছিলেন।

কাউখালীতে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা জানান, কাউখালীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে অভিযান চালিয়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৮ হাজার  টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুরের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা এ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে কাউখালী বন্দরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সচেতনতামূলক লিফলেট বিতরণ করে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পিরোজপুরের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ সালের বিভিন্ন ধারায় কাউখালীর উত্তর বাজারে সকাল-সন্ধ্যা মিষ্টি ঘরকে ১৫ হাজার টাকা, দক্ষিণ বাজার স্বর্ণচূড়া মিষ্টির দোকানকে পাঁচ হাজার টাকা এবং বাসস্ট্যান্ড এলাকায় নিপা বেকারিকে আট হাজার টাকা জরিমানা করা হয়।