মাতৃউদ্ভিদ থেকে বিভিন্ন স্থানে বীজের ছড়িয়ে পড়াই হলো বীজের বিস্তরণ
বিজ্ঞান
হিমন এডওয়ার্ড গমেজ, সিনিয়র শিক্ষক
সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
বর্ণনামূলক প্রশ্ন :
১)খাদ্য শৃৃঙ্খলে কীভাবে সাপ এবং ঈগল একই রকম তা ব্যাখ্যা কর।
উত্তর : খাদ্য শৃঙ্খলে সাপ এবং ঈগল উভয়ই উপরের স্তরের খাদক। সাপ খাদ্য হিসেবে এর নিচের স্তরের প্রাণী ব্যাঙ, ইঁদুর ইত্যাদি খায়। একইভাবে ঈগলও এর নিচের স্তরের প্রাণী সাপ, ইঁদুর, ব্যাঙ, ইত্যাদি খায়। সাপ ও ঈগল উভয়ই মাংসাশী। এরা কেউ উত্পাদককে খায় না। অর্থাত্ খাদ্য শৃঙ্খলে খাদ্য এবং খাদকের সম্পর্কের দিক থেকে সাপ ও ঈগল একই রকম।
২) নিচের শব্দগুলো নিয়ে গঠিত খাদ্য শৃঙ্খলের সঠিক ক্রম ব্যাখ্যা করো।
ঈগল, সূর্য, ঘাস, পোকামাকড়, সাপ, ব্যাঙ
উত্তর : ঈগল, সূর্য, ঘাস, পোকামাকড়, সাপ, ব্যাঙ -এ শব্দগুলো নিয়ে গঠিত খাদ্য শৃঙ্খলের সঠিক ক্রম হলো—
সূর্য - ঘাস -পোকামাকড় -ব্যাঙ -সাপ - ঈগল
আমরা জানি, সূর্যই সকল শক্তির উত্স। ঘাস সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য নিজেই তৈরি করে। পোকামাকড় এই ঘাস খেয়ে বেঁচে থাকে। আবার ব্যাঙ পোকামাকড় খাদ্য হিসেবে গ্রহণ করে। একইভাবে সাপ ব্যাঙ খায় এবং ঈগল সাপকে খায়। এভাবেই এ খাদ্য শৃঙ্খলে শক্তি প্রবাহিত হয়।
৩) জীব কীভাবে বায়ুর উপর নির্ভরশীল তা ব্যাখ্যা করো।
উত্তর : জীবের বেঁচে থাকার জন্য বায়ু অপরিহার্য একটি উপাদান। জীবের মধ্যে মানুষসহ সকল প্রাণী শ্বাসকার্যের জন্য বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। অক্সিজেন ছাড়া প্রাণীরা বাঁচতে পারে না। অন্যদিকে উদ্ভিদ বায়ু থেকে প্রাণীর ত্যাগ করা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে খাদ্য তৈরি করে বেঁচে থাকে। এভাবেই জীব বেঁচে থাকার জন্য বায়ুর উপর নির্ভরশীল।
৪) উদ্ভিদের জন্য বীজের বিস্তরণ কেন গুরুত্বপূর্ণ তা ব্যাখ্যা করো।
উত্তর : মাতৃউদ্ভিদ থেকে বিভিন্ন স্থানে বীজের ছড়িয়ে পড়াই হলো বীজের বিস্তরণ। বীজের বিস্তার নতুন নতুন উদ্ভিদ আবাস গড়ে তুলতে সাহায্য করে। বীজের বিস্তরণ না ঘটলে কোনো উদ্ভিদ শুধু একটি নির্দিষ্ট স্থানেই জন্মাবে। অন্য কোথাও ঐ উদ্ভিদকে আর পাওয়া যাবে না। অর্থাত্ পৃথিবীর সবস্থানে শুধু একই ধরনের উদ্ভিদ জন্মাবে। ফলে অন্যান্য উদ্ভিদের পুষ্টি ব্যাহত হবে। এছাড়াও বীজের বিস্তরণ না ঘটলে মানুষসহ অন্যান্য প্রাণীর খাদ্যের অভাব দেখা দেবে এবং পশু-পাখির আশ্রয়স্থল ধ্বংস হবে। খাদ্য ও আশ্রয়ের অভাবে অনেক প্রাণীর বিলুপ্তি ঘটবে। ফলে জীববৈচিত্র্যের ভারসাম্য নষ্ট হবে। সুতরাং কোনো একটি উদ্ভিদের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে নতুন নতুন আবাস গড়ে তুলতে বীজের বিস্তরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
