তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশের অগ্রগতির ফলে বিশ্বব্যাপী বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি গড়ে উঠছে, যা আইটিসহ দেশের অন্যান্য খাতেও বড় বড় প্রতিষ্ঠানকে বিনিয়োগে উত্সাহী করবে। এমন আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশে নেদারল্যান্ডের রাষ্ট্রদূত জার্বেন ডি জং। সম্প্রতি রাজধানীর আগারগাঁওস্থ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ভবনে তার নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল ডাক, টেলি যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সাথে সাক্ষাতকালে এ কথা বলেন তিনি। প্রতিনিধি দল তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশ ও নেদারল্যান্ডের যৌথভাবে কাজ করার প্রস্তাব করলে প্রতিমন্ত্রী সাগ্রহে সম্মতিজ্ঞাপন করে বলেন, ‘তরুণদের অংশগ্রহণে দুই দেশের মধ্যে তথ্যপ্রযুক্তির সহযোগিতার মাধ্যমে এ লক্ষ্য অর্জন সম্ভব হবে।’ এসময় উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব কামাল উদ্দিন আহমেদ, বিসিসি’র নির্বাহী পরিচালক এমএস আশফাক হুসেন প্রমুখ।
