হীনম্মন্যতা আর নয়

আপডেট : ১৭ মার্চ ২০১৪, ২০:০৮
ভালোবেসে বিয়ে হয়েছে ইশান এবং মনামির। একই সাথে পড়াশোনা, একই সাথে বেড়ে ওঠা। পড়াশোনায় বরাবরই ইশানের থেকে মনামি ভালো ছিলেন। বন্ধুমহলে সবার কাছেও মধ্যমণি ছিলেন মনামি। কিন্তু যতদিন বন্ধু হিসেবে ছিলেন ততদিন এসব ব্যাপারে কখনোই ভ্রূক্ষেপ করেননি ইশান। বরং সবসময়ই মনামির প্রশংসাকারীদের মধ্যে প্রথমসারিতে ছিলেন তিনি। কর্মজীবনে প্রবেশ করার পরও মনামি যখন তুলনামূলকভাবে উচ্চপদে অধিষ্ঠিত হলেন তখনও সবচেয়ে বেশি খুশি ইশানই ছিলেন। কিন্তু এখন কেমন যেন ধীরে ধীরে একটা পরিবর্তন লক্ষ্য করছেন মনামি। এই পরিবর্তনকে হিংসা হিসেবে সংজ্ঞায়িত করা না গেলেও হীনম্মন্যতা হিসেবে সংজ্ঞায়িত করা যায় খুব সহজেই। কী হতে পারে এই হীনম্মন্যতা কাটানোর হাতিয়ার? হীনম্মন্যতা এমন এক মানসিক অবস্থা যা অবচেতনভাবেই আপনাকে নিয়ে যাবে এমন এক জগতে যে কেউ চাইলেও সেখান থেকে বের হওয়াটা অত্যন্ত কঠিন কাজ। আবার অনেক সময় স্বামী-স্ত্রীর সম্পর্কে হীনম্মন্যতাই দূরত্বের মূল কারণ হয়ে দাঁড়ায়। তাই সময় থাকতেই সাহায্য করুন আপনার সঙ্গীকে। চিন্তার ধারাটা একটু বদলে দেখুন। হয়তো তার আত্মবিশ্বাসের ঘাটতি হয়েছে কোনো ক্ষেত্রে যার ফলাফল স্বরূপ প্রভাব পড়েছে আপনার উপর। জানার চেষ্টা করুন আপনার স্বামীর কর্মজীবনে কোনো সমস্যার উদয় হয়েছে কি না যার জন্য তিনি সাময়িকভাবে দুশ্চিন্তায় ভুগছেন। হয়তো আপনি এবং আপনার স্বামী একই রকম ভাবে প্রতিভাবান কিন্তু কিছুটা মুখচোরা স্বভাবের হওয়ার কারণে হয়তো সবার সামনে নিজেকে প্রকাশ করতে পারছেন না। সেক্ষেত্রে সবসময় তাকে পরিচিত বন্ধু বান্ধবদের পার্টিতে নিয়ে যান এবং সবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে তাকে নিয়ে আসার চেষ্টা করুন। তার গুণের কথা সবার কাছে প্রকাশ করুন, সামনে অথবা আড়ালে। তাহলে দেখা যাবে প্রকাশ্যে কেউ তার কাছে এই ব্যাপারে জানতে চাইবে। নিজের মনমতো বিষয় পেলে দেখা যাবে আপনার স্বামী আপনা থেকেই নিজেকে মেলে ধরেছেন। শুধু নিজের চিন্তা নয়, নিজের চিন্তার কিছু অংশ তার মধ্যেও প্রবাহিত করার চেষ্টা করুন। তাকে বোঝান যে শুধু পড়াশোনায় ভালো হওয়া অথবা কর্মক্ষেত্রে উচ্চপদস্থ হওয়াটাই প্রতিভা হিসাব করার একমাত্র মাপকাঠি নয়। একেকজনের প্রতিভার ক্ষেত্র আলাদা। তাকে তার নিজের ক্ষেত্র খুঁজে পেতে সাহায্য করুন। দেখবেন খুব সহজেই তিনি আপনার গুণগুলোকে আবার আগের মতো আপন করে নিতে শিখবেন। কোনো ব্যাপারে যদি আপনার মনে নেতিবাচক ধারণা আসে তাহলে সে ব্যাপারে সরাসরি কথা বলুন। আপনার সঙ্গীকেও কথা বলতে উত্সাহিত করুন। মনে রাখবেন, হীনম্মন্যতা যদি বেশিদিন বয়ে বেড়ান তাহলে তা অভ্যাসে পরিণত হবে। অভ্যাস হওয়ার আগেই দূর করুন এই অবাঞ্ছিত সমস্যাকে। মডেল নিশাত