শালতা নদী এখন মরা খাল

আপডেট : ১৭ মার্চ ২০১৪, ২১:৩৫
এক সময়ের যৌবনাবতী শালতা নদী এখন মরা খালে পরিণত হয়েছে। সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া, সদর খলিলনগর ইউনিয়ন এবং খুলনা জেলার পাইকগাছা ও ডুমুরিয়া উপজেলার সীমানা বিভাজন করে মাগুরখালী ইউনিয়নের কাঞ্চননগরের ঘ্যাংরাইল নদীতে মিলিত হয়েছে শালতা নদী। নদী পাড়ের চর ভরাট ও জমি লিজ নিয়ে প্রভাবশালীরা বাঁধ দিয়ে মাছ চাষ করছে। যে কারণে পানি নিষ্কাশন চ্যানেল অনেক স্থানে বন্ধ হয়ে গেছে। কেন্দ্রীয় পানি কমিটির নেতা অধ্যাপক হাসেম আলী ফকির বলেন, শালতাকে বাঁচাতে হলে নদীর নিম্নে খোরেরাবাদ খেয়াঘাট থেকে আরশনগর-চন্ডিপুর পর্যন্ত ৯ কিঃ মিঃ এবং গোলাপদাহ থেকে পূর্বমুখী আমতলী নদী ও বাদুরগাছা নদী ১০ কিঃ মিঃ এলাকা পুনঃখনন করে স্বাভাবিক জোয়ার ভাটা চালু করতে হবে। নদীতে নির্মিত সকল সাঁকো, বাঁধ অপসারণ এবং নদীকে ভূমিদস্যুদের দখল মুক্ত করতে হবে। এছাড়া গাজীর কোণা শিবসা পর্যন্ত হাড়িয়া নদী (১৪ কিঃ মিঃ) খনন এবং নদী থেকে সকল ধরনের বাধা অপসারণ করলেই শালতাকে বাঁচানো সম্ভব। লাঙ্গলমোড়া ত্রিমোহিনী থেকে কাঞ্চননগর ঘ্যাংরাইল পর্যন্ত শালতা নদী (গোচাপা অংশ) ২ কিঃ মিঃ খনন এবং স্লুইস গেটের বাইরে ও পোল্ডার অভ্যন্তরে স্লুইস গেটের সংলগ্ন খালগুলো খনন করতে হবে। এছাড়া নদীর উজান অংশ থেকে পর্যায়ক্রমে পরিকল্পিতভাবে টিআরএম বাস্তবায়ন করার পরামর্শ বিশেষজ্ঞদের।