কুমিল্লা দক্ষিণাঞ্চলের লাকসাম, মনোহরগঞ্জ ও নাঙ্গলকোট উপজেলাসহ জেলা সদরের অধিকাংশ রাস্তায় লাইসেন্সবিহীন ও চোরাই মোটর সাইকেলে সয়লাব হয়ে গেছে।
এ অঞ্চলের সড়ক পথে অন-টেষ্ট লেখা বিপুলসংখ্যক মোটর সাইকেলের ব্যবহার মারাত্মকভাবে বৃদ্ধি পাওয়ায় কোনটি বৈধ কিংবা কোনটি চোরাই বুঝা মুশকিল।
লাকসাম উপজেলা সদরের বাসিন্দা মোটর সাইকেল মালিক আবদুস ছাত্তার জানান, পৌর শহরসহ উপজেলার বিভিন্ন সড়কে শত শত ভারতীয় চোরাই মোটর সাইকেল রয়েছে। এগুলোর কোন সরকারি নিবন্ধন নেই। এ সকল গাড়ি বেপরোয়া চলাচলসহ জনদুর্ভোগের সৃষ্টি করছে।
এসব এলাকায় সংঘটিত অপরাধের সাথে বেশিরভাগই অবৈধ মোটর সাইকেল অন্যতম উপাত্ত। ছিনতাইকারী, চটি মাস্তান, দলীয় ক্যাডার এমনকি চোর-ডাকাতরা মোটর সাইকেল ব্যবহার করছেন হরহামেশা। আবার এদের অধিকাংশেরই নেই ড্রাইভিং লাইসেন্স। প্রশাসনিকভাবে এদের নিয়ন্ত্রণও করা হচ্ছে না। মাঝে-মধ্যে নামকাওয়াস্তে মোবাইল কোর্টের অভিযান চললেও যত্সামান্য মোটর সাইকেল ধরে নামমাত্র জরিমানা করে ছেড়ে দেয়া হয়।
লাকসাম থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানান, নম্বরবিহীন ও চোরাই মোটর সাইকেল ধরার জন্য প্রায়ই চেকপোষ্ট বসিয়ে প্রায়ই অভিযান চালানো হয়। অবৈধ মোটর সাইকেলের দৌরাত্ম্য রোধে এ অভিযান জোরদার করা হবে।
মনোহরগঞ্জ থানার ওসি হারুন অর রশিদ চৌধুরী জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে নম্বর ও লাইসেন্স বিহীন মোটর সাইকেল এবং চালকদের বিষয়ে ব্যবস্থা নেয়া হচ্ছে। এ কার্যক্রম আরো জোরদার করা হবে।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা ওসি (তদন্ত) সালাউদ্দিন জানান, লাইসেন্সবিহীন এবং চোরাই মোটর সাইকেলের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।
