সড়ক দুর্ঘটনায় নিহত ছয়

আপডেট : ১৭ মার্চ ২০১৪, ২১:৩৭
দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ছয় জন নিহত খবর আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের। শরীয়তপুরের লাঙ্গলভাঙ্গায় পিতা-পুত্র নিহত শরীয়তপুর চাঁদপুর সড়কের সদর উপজেলার লাঙ্গলভাঙ্গা নামক স্থানে সোমবার ট্রাক ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের দুইজন নিহত হয়েছে। নিহতরা হলেন, ট্রলির চালক দেলোয়ার হোসেন (৪০) ও তার পুত্র বাবুল হোসেন (১৮)। নিহতরা ভেদরগঞ্জ উপজেলার সাজনপুর গ্রামের অধিবাসী। সংবাদ পেয়ে পালং মডেল থানা পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করতে পারলেও চালক পালিয়ে গেছে। চট্টগ্রামে অটোরিক্সা উল্টে একজন নিহত নগরীর রাজাখালী এলাকায় অটোরিকশা উল্টে মো. বাছির (৫০) নামে এক যাত্রী নিহত হয়েছে। রবিবার এই ঘটনা ঘটে। নিহত বাছির বাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার কুড়িঘর গ্রামের মালু মিয়ার পুত্র। সে বাকলিয়ায় আনন্দ সাবান ফ্যাক্টরি এলাকার শাহজাহান কলোনীতে থাকতেন। নগরীর চাক্তাই ব্রিজ এলাকায় অটোরিকশা উল্টে গুরুতর আহত বাছিরকে চমেক হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। ফুলবাড়ি-দিনাজপুর সড়কের ট্রাকের চাপায় স্কুল শিক্ষক নিহত দিনাজপুর ফুলবাড়ি-দিনাজপুর সড়কের উচিতপুর নামক স্থানে সোমবার ট্রাকের চাপায় মোতাহার হোসেন বাপ্পী (৩৫) নামের এক স্কুল শিক্ষকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। নিহত মোতাহার হোসেন বাপ্পী দিনাজপুর জেলা শহরের লালবাগ এলাকার শিক্ষক সামসুদ্দিন আহম্মেদের ছেলে এবং চিরিরবন্দর উপজেলার রসুল কোর্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে উচিতপুর নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে। সখীপুরে একজন নিহত সখীপুরে সড়ক দুর্ঘটনায় শুভঙ্কর (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত এবং আরও দু’জন গুরুতর আহত হয়েছেন। রবিবার উপজেলার কষ্টা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শুভঙ্কর পৌরসভার ৭নং ওয়ার্ডের মন্দির পাড়ার দিলীপ লাহুরীর ছেলে। শুভঙ্কর ও তার দুই বন্ধুসহ বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে হামিদপুর যাবার পথে কষ্টা বাজার এলাকায় একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। গুরুতর আহত অবস্থায় তাদের প্রথমে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি দেখে তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়ার পথে শুভঙ্কর মারা যায়। কুমিল্লায় যুবক নিহত কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় মিঠু চন্দ্র বর্মন নামের এক যুবক নিহত হয়েছেন। রবিবার জেলার দাউদকান্দি উপজেলার বলদাখাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিঠু চন্দ্র বর্মন ওই উপজেলার সাহাপাড়া গ্রামের রাখাল চন্দ্র বর্মনের পুত্র। হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার দাউদকান্দি উপজেলার বলদাখাল এলাকায় রবিবার রাস্তা পারাপারের সময় দ্রুতগামীর একটি বাস মিঠু চন্দ্র বর্মনকে (২৬) চাপা দেয়।