বিষখালী-বলেশ্বর নদীর সঙ্গমস্থল লালদিয়া থেকে ১১ জন দুর্ধর্ষ জলদস্যুকে গ্রেফতার করেছে পাথরঘাটা কোস্টগার্ড। গতকাল সোমবার ভোর রাতে ডাকাতির প্রস্তুতিকালে কোস্টগার্ডের পাথরঘাটা কন্টিনজেন্টের পেটি অফিসার আঃ রউফের নেতৃত্বে একটি দল ১১ জলদস্যুকে গ্রেফতার করে পাথরঘাটায় নিয়ে আসে। পরে ওই দিন বেলা ২টায় ১১ জলদস্যুকে পাথরঘাটা থানায় সোপর্দ করেছে কোস্টগার্ড। জলদস্যুদের কাছ থেকে ৩টি দেশীয় ধারালো দা, ৪টি চাপাতি, ১টি চাকু ও ৪টি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে। ডাকাতির কাজে ব্যবহূত ১টি বেনামি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়েছে।
স্থানীয় জেলে নেতাদের ধারণা দস্যুরা গ্রেফতার হওয়ার আগে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে আগ্নেয়াস্ত্রগুলো নদীতে ফেলে দিয়ে থাকতে পারে। জলদস্যুরা গত বছর পাথরঘাটায় ৯ জেলেকে নির্মমভাবে হত্যা করে লাশ নদীতে ফেলে দিয়ে ট্রলার ছিনতাইয়ের সাথে জড়িত ছিল বলে এফ.বি. তানজিলা ট্রলারের মালিকের স্ত্রী দাবি করেছেন। তিনি ডাকাতির কাজে ব্যবহূত বেনামী ট্রলারটিকে এফ.বি. তানজিলা ট্রলার বলে সনাক্ত করেছেন।
এদিকে গ্রেফতারকৃত জলদস্যুরা সাংবাদিকদের কাছে বলেছেন, তারা ফোরকান ডাকাতের সাথে ভাড়ায় ডাকাতি করতে এসেছে। পাথরঘাটা কোস্টগার্ডের পেটি অফিসার আঃ রউফ জানান, গ্রেফতারকৃতরা পেশাদার জলদস্যু। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিভিন্ন সময় ডাকাতি ও জেলে হত্যার সাথে জড়িত বলে স্বীকার করেছে।
