জমে উঠেছে আখাউড়ার নির্বাচন

আপডেট : ১৭ মার্চ ২০১৪, ২১:৩৮
৪র্থ দফায় আগামী ২৩ মার্চ আখাউড়া উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের আর মাত্র ক’দিন বাকি। এরই মধ্যে জমে উঠেছে আখাউড়া উপজেলা পরিষদ নির্বাচন। স্ব স্ব প্রার্থীর পক্ষে কর্মী সমর্থকরা দিন-রাত অবিরাম কাজ করছে। জনমত জরিপে অনেকটা এগিয়ে আছেন বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ইঞ্জি. মো: মুসলিম উদ্দিন (আনারস) আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আবুল কাসেম ভূঁইয়ার কাপ-পিরিচ মার্কার পক্ষে কাজ না করে এখনও নিরব ভূমিকা পালন করছেন আওয়ামী লীগের সিনিয়র নেতাদের একটি বিরাট অংশ। আওয়ামী লীগের সিনিয়র নেতাদের এই নীরবতা নেতা-কর্মীদের মাঝে ব্যাপক প্রভাব সৃষ্টি করেছে। উপজেলা পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান ডাকসুর সাবেক এজিএস মাহবুবুল আলম ভূঁইয়া (ঘোড়া) মার্কা নিয়ে নির্বাচনী মাঠে পাড়ি জমিয়েছেন। এদিকে অত্যন্ত দুর্বল সাংগঠনিক অবস্থা নিয়ে আখাউড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী দিয়েছে জামায়াত। চেয়ারম্যান পদে দোয়াত-কলম নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াতের কেন্দ ীয় নেতা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের সাবেক আমির কাজী নজরুল ইসলাম খাদেম। চেয়ারম্যান পদে জাসদ সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম ভুঁইয়া হোন্ডা মার্কা নিয়ে নির্বাচন করছেন। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী থাকলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি সমর্থিত প্রার্থী বর্তমান ভাইস চেয়ারম্যান মো: নজরুল ইসলাম (তালা প্রতীক) ও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো: মুরাদ হোসেনের (মাইক প্রতীক) মধ্যে। তারা উভয়ই উপজেলার ধরখার ইউনিয়নের ভাটা মাথা গ্রামের বাসিন্দা। মহিলা ভাইস চেয়ারম্যান দু’জনই বিএনপি ঘরানার। এক্ষেত্রে বিএনপি সমর্থিত বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাত পারভীন স্মৃতির (কলস প্রতীক) অবস্থান সুসংহত। বিদ্রোহী প্রার্থী পিয়ারা বেগম (হাঁস প্রতীক)।