পৃথক ঘটনায় ১১ জন নিহত

আপডেট : ১৭ মার্চ ২০১৪, ২১:৩৯
দেশের বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় নিহত ১১। খবর আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের। বেড়ায় যুবকের আত্মহত্যা পাবনা বেড়ায় কাউসার (২০) নামে এক যুবক শনিবার কক্ষে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। তার বাড়ি বেড়া দক্ষিণপাড়া। সে স্থানীয় একটি গ্যারেজে কাজ করতো বলে জানা গেছে। তার মা-বাবা দুইজনে ঢাকা থাকতো। তার দুই ভাই, এক বোন। সে ইতিপূর্বেও বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছে বলে বেড়া থানা পুলিশকে জানিয়েছেন তার বাবা। এ ব্যাপারে থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা হয়েছে বলে নিশ্চিত করেছেন বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন। তাহিরপুরে যুবকের লাশ উদ্ধার সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ফজলু মিয়া (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার সীমান্ত সংলগ্ন লালঘাট গ্রামের (পূর্বপাড়া) সড়ক থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। ফজলু উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের পুরানঘাট গ্রামের আব্দুল কদ্দুসের ছেলে। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, তদন্ত ছাড়া কিছুই বলা যাচ্ছে না। গোবিন্দগঞ্জে যুবকের লাশ উদ্ধার গাইবান্ধা গোবিন্দগঞ্জ ডিগ্রী কলেজের সামনে সড়কের পাশ থেকে রোববার হারুনুর রশিদ (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। হারুনুর রশিদ উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের পারশোলাই ডাঙ্গা গ্রামের আব্দুস সোবহানের ছেলে। গোবিন্দগঞ্জ থানার ওসি এবিএম জাহিদুল ইসলাম জানান, সড়কের পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ বেলা ১২টার দিকে ওই স্থান থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাইবান্ধা আধুনিক হাসপাতালের মর্গে পাঠান। বরগুনায় বিষপানে গৃহবধূর আত্মহত্যা স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে শনিবার রাতে বরগুনা সদর উপজেলার সাহেবের হাওলা গ্রামের গৃহবধূ সীমা আক্তার বিষপানে আত্মহত্যা করেছে। ১০ বছর আগে সদর উপজেলার নোনারখাল গ্রামের আফজাল খানের কিশোরী মেয়ে সীমা আক্তার ও সাহেবের হাওলা গ্রামের চান মিয়ার সাথে বিয়ে হয়। তাদের জান্নাতী নামের দেড় বছরের একটি মেয়ে রয়েছে। বিয়ের পর চান মিয়া কিছুদিন বিদেশে ছিল। বিদেশ থেকে এসেই সে সীমা আক্তারের উপর বিভিন্ন অজুহাতে নির্যাতন শুরু করে। গত ৫ বছর আগে স্বামীকে তালাক দিয়ে বাবার বাড়ি চলে যায়। লোহাগাড়ায় বন্য হাতির আক্রমণে বৃদ্ধ নিহত উপজেলা চুনতি বনপুকুর এলাকায় বন্য হাতির আক্রমণে রবিবার রহমত উল্লাহ (৬৩) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি রোসাইঙ্গা ঘোনা এলাকার মৃত আমির আলীর পুত্র। রহমত উল্লাহর চাচা শামসুল ইসলাম জানান, গরু নিয়ে তিনি বনপুকুর এলাকায় যায়। সন্ধ্যা নাগাদ ফিরে না আসায় স্বজনরা খুঁজতে থাকে। খোঁজাখুঁজির এক পর্যায়ে তাকে বনপুকুর এলাকায় মৃত অবস্থায় পাওয়া যায়। বন্য হাতি শুঁড় দিয়ে গাছের সাথে আঘাত করে মেরে ফেলে বলে জানা যায়। দোহারে শ্বশুরবাড়ীতে যুবকের রহস্যজনক মৃত্যু ঢাকা দোহার উপজেলায় শশুরবাড়ীতে বেড়াতে এসে সুমন (২২) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় যুবকের স্ত্রী, শ্বশুর ও স্ত্রীর বড় ভাইকে আটক করেছে পুলিশ। নিহত সুমন উপজেলার কাজীরচর গ্রামের মঙ্গল ফকিরের ছেলে। সাঁথিয়ায় নববধূকে হত্যা পাবনা সাঁথিয়ায় এক নববধূকে গলা টিপে হত্যার অভিযোগে থানায় মামলা হয়েছে। শনিবার রাতে কোন এক সময় উপজেলার আর-আতাইকুলা ইউনিয়নের বিলকুলা গ্রামের শহিদুল ইসলাম তার নববধূ বানেছাকে (২০) গলা টিপে হত্যা করে ঘরের আঁড়ার সাথে ঝুলিয়ে রাখে। ৬ মাস পূর্বে বানেছার সাথে শহিদুলের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। সংবাদ পেয়ে আতাইকুলা থানা পুলিশ লাশ উদ্ধার করে পাবনা মর্গে প্রেরণ করেছে। স্বামী শহিদুলের দাবি বানেছা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আতাইকুলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম হোসেন জানান, থানায় হত্যার অভিযোগ করা হয়েছে, তদন্ত শেষে ব্যবস্থা নেয়া হবে। হবিগঞ্জে ২ যুবকের আত্মহত্যা হবিগঞ্জের লাখাই ও বানিয়াচঙ্গে দুই যুবক আত্মহত্যা করেছে। জানা যায়, গত রবিবার সন্ধ্যায় লাখাই উপজেলার সিংহগ্রামে পারিবারিক বিরোধের জের ধরে বিষপানে আত্মহত্যা করেছে শুভ (৩০) নামের এক যুবক। এছাড়া শনিবার দিবাগত গভীর রাতে দাম্পত্য কলহের জের ধরে বানিয়াচং উপজেলার নজরপুর গ্রামে বাছির মিয়া (২৫) নামে এক যুবক বিষপানে আত্মহত্যা করে। কাউখালীতে কলেজ ছাত্রের লাশ উদ্ধার পিরোজপুরের কাউখালীতে শাওন দীপ মিত্র (১৮) নামে এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার কাউখালী শহরের উজিয়ালখান মহল্লার ভাড়াটিয়া বাসা হতে পুলিশ নিহত ওই কলেজ ছাত্রের গলায় গামছা পেঁচানো ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করে। তার মৃত্যুর রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ। তবে কলেজ ছাত্র দীপ হূদয়ঘটিত কারণে আত্মহত্যা করতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। গাজীপুর কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে হত্যা ও অস্ত্র মামলায় অভিযুক্ত এক হাজতির মৃত্যু হয়েছে। তার নাম মোঃ জামাল (৩৩)। তিনি ভোলা জেলা সদরের ইলিশা গ্রামের আলিফ মৃধার ছেলে। সোমবার কারা অভ্যন্তরে হঠাত্ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত গাজীপুর সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।