প্রচারপত্র বিলিকালে সেনবাগে জামায়াত কর্মী আটক
সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা\ নোয়াখালীর সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়নের নিজসেনবাগ গ্রামে প্রচারপত্র বিলিকালে গত রবিবার রাতে স্থানীয় এলাকাবাসী আবদুল কাদের (২৯) নামে এক জামায়াত কর্মীকে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করেছে। সেনবাগ থানার এসআই মোহাম্মদ শাহাজাহান বলেন, গত রবিবার সন্ধ্যার পর উপজেলার নিজসেনবাগ গ্রামে ফাঁসিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল কাদের মোল্ল¬া তার স্ত্রী নিকট লেখা শেষ চিঠি শিরোনামে একটি লিফলেট বিলিকালে স্থানীয় লোকজন আবদুল কাদেরকে আটক করে গণপিটুনি দেয়।
আগামী ৫ বছরে গ্রামে গ্রামে বিদ্যুত্ পৌঁছে যাবে
ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা\ নওগাঁর পত্নীতলায় পল্লী বিদ্যুতের উপকেন্দ ০২ (৫ এম ভি এ) উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার পত্নীতলা মাতাজী রোডে বিদ্যুতের উপকেন্দ উদ্বোধনকালে জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব শহীদুজ্জামান সরকার বলেন- ‘আগামী ৫ বছরে সরকারের চলতি মেয়াদে দেশের প্রত্যেক গ্রামে গ্রামে বিদ্যুত্ পৌঁছে দেয়া হবে। সেই লক্ষ্যে বর্তমান সরকার বিদ্যুত্ উত্পাদনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন নওগাঁ পল্লী বিদ্যুতের জি এম নুরুর রহমান, পত্নীতলা ইউ এন ও আবুল হায়াত রফিক, নির্বাহী প্রকৌশলী মাহবুবুল হোসেন, মহাদেবপুর ডি জি এম আবু আশরাফ সালেহ, ও সি আবুল কালাম আজাদ প্রমুখ।
রামগড়ে চা শ্রমিকদের মাঝে শাড়ি লুঙ্গি বিতরণ
রামগড় সংবাদদাতা\ দোল পূর্ণিমা ও মহোত্সব উপলক্ষে রামগড় চা বাগানের নারী ও পুরুষ শ্রমিকদের মাঝে গতকাল সোমবার শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। চা বাগানের নবনিযুক্ত ম্যানেজার মো: জাহাঙ্গীর আলম ৮ শতাধিক শ্রমিকের মাঝে এ বস্ত্র বিতরণ করেন। এ সময় বাগানের সহকারী ম্যানেজার মনোতোষ মারমা, সালাহ উদ্দিন ছিদ্দিকী, আতাহার রহমান, রফিকুল ইসলাম, আহম্মদ উল্লাহ, পঞ্চায়েত নেতা মিন্টু দে, অধিক লাল, ভ্যালি সেক্রেটারি যতন কর্মকার উপস্থিত ছিলেন।
পাকুন্দিয়া বাহাদিয়া কিন্ডাগার্টেনের ক্রীড়া প্রতিযোগিতা
পাকুন্দিয়া (ময়মনসিংহ) সংবাদদাতা\ গতকাল সোমবার কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বাহাদিয়া কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বাহাদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহাব উদ্দিনের সভাপতিত্বে ও কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক মো. জাহাঙ্গীর আলমের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো. রফিকুল ইসলাম রেনু।
কসবায় অগ্নিকাণ্ডে ৪৮টি দোকান ভস্মীভূত
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ গত রবিবার রাতে কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের চারগাছ বাজারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে বাজারের ছোট-বড় ৪৮টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ও কুটি চৌমুহনী ফায়ার স্টেশন থেকে দুটি দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে প্রায় ৬০ লাখ টাকার বিভিন্ন মালামাল পুড়ে গেছে বলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সৈয়দ মো: আরিফুল হক জানিয়েছেন।
রাজৈরে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন
টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা\ গত রবিবার রাজৈর উপজেলা পরিষদ চত্বরে ২য় শস্য বহুমুখীকরণ প্রকল্পের অর্থায়নে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় তিন দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়েছে। উদ্বোধন করেন প্রধান অতিথি নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান। উপজেলা নির্বাহী অফিসার হায়াত উদ দৌলা খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাদারীপুর কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক গোলাম মস্তফা, উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সাজাহান খান, ভাইস চেয়ারম্যান শান্তি দাস,সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা হাসান পল্লবী প্রমুখ।
নীলফামারীতে জাল ডলারসহ ২ জন আটক
নীলফামারী প্রতিনিধি\ জাল ইউএস ডলারসহ র্যাবের হাতে ২জন আটক হয়েছে। র্যাব-১৩ অভিযান চালিয়ে গত রবিবার নীলফামারী সদর উপজেলার তিলাই জয়চণ্ডি এলাকা থেকে আতিকুল ইসলাম (২৮) ও আব্দুর রাজ্জাক (২৭) নামের দুই ডলার ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃতদের কাছ থেকে ১০০ ডলারের ২২৭টি, ১ ডলারের ১২০৮টি, ৫০ ও ২০ ডলারের ১টি করে জাল ডলার ছাড়াও ১ ডলারের ৭৯টি, ১০ ডলারের ২টি এবং ২০ ও ৫০ ডলারের ১টি করে আসল ডলার উদ্ধার করা হয়।
পূর্বধলায় এসি ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা\ নেত্রকোনার পূর্বধলায় রবিবার বিকেলে উপজেলা সদরের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন এসি ক্লাবের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ক্লাবের যুগ্ম আহবায়ক ইয়াসির আরাফাত জাপানের সভাপতিত্বে বক্তব্য রাখেন নিলয় চক্রবর্তী, ইউসুফ আহমেদ, মো. আল মামুন, শামীমুল ইসলাম শামীম প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন, পূর্বধলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, দপ্তর সম্পাদক মাহমুুদুল হাসান রতন প্রমুখ।
সুন্দরগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা\ উপজেলা শহরে আমতলী মোড়ে গতকাল সোমবার ভোরে সরকারি খাস জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদুল হক প্রধান। স্থানীয় শামছুল হক ও কাজিম উদ্দিন সরকারি খাস জমিতে আধাপাকা টিনশেড ঘর নির্মাণ করাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে এসিল্যান্ড অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেয় এবং নির্মাণ সামগ্রী ইট, বালি, খোয়া জব্দ করেন।
সিরাজদিখানে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা\ উপজেলার রশুনিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গত রবিবার অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা পরিষদ কমিটির সভাপতি আবু সাঈদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের এম পি বাবু সুকুমার রঞ্জন ঘোষ। বিশেষ অতিথি ছিলেন প্রাক্তন সচিব সামছুল হক, রশুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম সোরহাব প্রমুখ।
ভাঙ্গুড়ায় র্যাবের অভিযানে ফেন্সিডিল ও গাঁজা উদ্ধার
ভাঙ্গুড়া (পাবনা) সংবাদদাতা\ র্যাব পাবনা-১২ এর বিশেষ অভিযানে ভাঙ্গুড়া পৌরসভার চৌবাড়িয়া রেলপাড়া থেকে বিপুল পরিমাণ ফেন্সিডিল ও গাঁজা উদ্ধার করা হয়েছে। ভাঙ্গুড়া থানার কর্তব্যরত সহকারী পুলিশ পরিদর্শক আব্দুল মান্নান জানান, মাদক ব্যবসায়ী সানোয়ারা (৪৫), জাহাঙ্গীর আলম (২৫) ও রুহুল আমিন (৩৪) ঐসব মাদক বিক্রির জন্য নিজেদের বাড়িতে পসরা সাজাচ্ছিল। গত রবিবার গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ও পুলিশের অভিযানে ৮০ বোতল ফেন্সিডিল ও ৪শ’ ২০ গ্রাম গাঁজাসহ তাদের আটক করা হয়। এ ব্যাপারে ভাঙ্গুড়া থানায় মামলা হয়েছে।
মহাদেবপুরে দুই দফা দাবিতে শিক্ষক সমাবেশ
মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা\ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন স্কেলের এক ধাপ নিচে সহকারী শিক্ষকদের বেতন স্কেল নির্ধারণ ও সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি দ্রুত বাস্তবায়নের দাবিতে গত রবিবার নওগাঁর মহাদেবপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা সমাবেশ করেছেন। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ কাওসার আলীর সভাপতিত্বে উপজেলা গেটে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন নওগাঁ জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সিনিয়র যুগ্মসম্পাদক মোঃ বানী ইসরাইল, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, উত্তরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক প্রমুখ।
ফেনীতে ব্যাংকার্স ফোরামের মিলন মেলা
পরশুরাম ফেনী সংবাদদাতা \ ফেনীতে ব্যাংকার্স ফোরামের শোভাযাত্রা ও মিলন মেলা গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ব্যাংকার্স ফোরাম ফেনীর সভাপতি সামছুল করিম মজুমদার ও সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল-এর নেতৃত্বে একটি শোভাযাত্রা বের হয়। এসময় ইসলামী ব্যাংক লিমিটেডের ম্যানেজার মোঃ নাসির উদ্দিন, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ম্যানেজার এ.ওয়াই.এম আবদুল্লা হারুন সোহাগ, ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের ম্যানেজার মোঃ সফিকুর আজম ভূঁঞা, যমুনা ব্যাংক লিমিটেডের ম্যানেজার কাজী সাঈদ মোহাম্মদ তারেক, জনতা ব্যাংক কর্মকর্তা মোঃ এমরান হোসেন মজুমদারসহ জেলার ৪২টি ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীরা শোভাযাত্রা ও মিলন মেলায় অংশগ্রহণ করেন।
শিবগঞ্জে যৌথ অভিযানে জাল রুপী উদ্ধার
শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা\ গত রবিবার জাতীয় নিরাপত্তা বিভাগের গোয়েন্দা বাহিনীর তথ্যের ভিত্তিতে গোয়েন্দা সংস্থা ও বিজিবির যৌথ অভিযানে ও বিজিবির চাঁপাইনবাবগঞ্জ ৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আবু জাফর শেখ মোহাম্মদ ফজলুল হক পিএসসি ও গোয়েন্দা সংস্থার ডেপুটি ডাইরেক্টর মোহাঃ শামসুজ্জোহার নেতৃত্বে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের হাউসনগর গ্রামের মোস্তফার বাড়িতে অভিযান চালিয়ে ভারতীয় ১৭লাখ ৪৮ হাজার ৩শ’ ৪০টা জাল রুপী উদ্ধার করে। নামপ্রকাশে অনিচ্ছুক গোয়েন্দা বাহিনীর জনৈক সদস্য ঘটনাটি নিশ্চিত করেন।
টেকনাফে নাফ নদীতে ৪৯ হাজার ইয়াবা উদ্ধার
টেকনাফ (কক্সবাজার) \ টেকনাফে নাফ নদীতে থেকে ৪৯ হাজার ইয়াবা উদ্বার করেছে বিজিবি। বিজিবি সূত্র জানায়, ১৫ মার্চ রাতে ৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ টেকনাফ বিওপির হাবিলদার মোঃ শামসুল আলম এর নেতৃত্বে একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে স্লুইচ গেইট থেকে নাফ নদীর কিনারায় অভিযান চালিয়ে ৪৯ হাজার ১১৫ পিচ ইয়াবা উদ্ধার করে। যার মূল্য ১ কোটি ৪৭ লাখ টাকা বলে জানায় বিজিবি। এদিকে এ ঘটনায় ৪জনকে পালাতক আসামি করে। মোঃ হাসান শরীফ (৪০), মোঃ তৈয়বুর রহমান (৩২), মোঃ শামছুল আলম মার্কিন (৫০), গ্রাম- সাবরাং নয়াপাড়া, পোঃ- সাবরাং, মোঃ একরাম হোসেন (৩৪), মৌলভীপাড়া।
অবৈধ বিদ্যুত্ ব্যবহারের অভিযোগে ৮ গ্রাহককে জরিমানা
গাজীপুর প্রতিনিধি\ অবৈধভাবে বিদ্যুত্ ব্যবহারের অভিযোগে গাজীপুর পল্লী বিদ্যুত্ সমিতি ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে ৮ আবাসিক গ্রাহককে ১২লাখ ১৫হাজার ৭৯১ টাকা জরিমানা করেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে বিদ্যুত্ আইনে মামলাও হয়েছে। গত রবিবার গাজীপুর মহানগরের খাইলকুর, কুনিয়া ও কলেমশ্বর এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা পারভীন ও গাজীপুর পল্লী বিদ্যুত্ সমিতির ডিজিএম (কারিগরি) খালেদুল ইসলাম।
নান্দাইলের মহেশকুড়া গ্রামে ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসার উদ্বোধন
নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা \ উপজেলার খারুয়া ইউনিয়নের মহেশকুড়া গ্রামে আফতাব উদ্দিন ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসা নামে গতকাল সোমবার একটি শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোসাদ্দেক আলী এই শিক্ষা প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন। এ সময় লুবনান গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ জুনাইদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, দেশ টিভি’র উপ-মহাব্যবস্থাপক মো. আরিফ হাসান, কাঞ্চন গ্রুপের মো. রাশেদ কাঞ্চন, আর এ কে সিরামিক্সের পরিচালক জহিরুল রেজা, লুবনান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হক খান, গাজীপুর ফাজিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আঃ রাজ্জাক জিহাদী, খারুয়া ইউপির সাবেক চেয়ারম্যান রেজাউল করিম প্রমুখ।
এনায়েতপুরে চৌকিদারদের মাঝে বাইসাইকেল বিতরণ
চৌহালী (সিরাজগঞ্জ) \ কাজে গতিশীলতা আনতে সিরাজগঞ্জের এনায়েতপুর থানার খুকনী ইউনিয়ন পরিষদের উদ্যোগে কর্মরত ৫ জন চৌকিদারদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। গত রবিবার এলজিএসপি-২ প্রকল্পের আওতায় শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার রাসেল সাবরিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বাইসাইকেল প্রদান করেন। এসময় পিআইও আব্দুর রাজ্জাক, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম মোল্লা, পরিষদের সচিব রেকাব আলী, সদস্য মাজেম বেপারি, জলিল ফকির উপস্থিত ছিলেন।
