শিলচরের ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়ে কথা-কবিতায় ভাষা সংহতি

আপডেট : ২২ মে ২০১৯, ২০:৩৪

মোহাম্মদ আরজু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

 

১৯ মে ভারতের আসামের শিলচরের বাংলা ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হয়েছে কথা-কবিতায় ভাষা সংহতি। গত রবিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শহরের গভ. মডেল গার্লস হাই স্কুলের শহীদ মিনার চত্ত্বরে তিতাস আবৃত্তি সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আল মামুন সরকার। গভ. মডেল গার্লস স্কুলের প্রধান শিক্ষক নাঈমা জান্নাতের সভাপতিত্বে ও তিতাস আবৃত্তি সংগঠনের সহকারী পরিচালক বাছির দুলালের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক বরেণ্য আবৃত্তিশিল্পী হাসান আরিফ। আমন্ত্রিত আবৃত্তিশিল্পী হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম-সম্পাদক কাজি মাহতাব সুমন। অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মো. শাহআলম, সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এস আর এম উসমান গনি সজিব, বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম-আহ্বায়ক এটিএম ফয়েজুল কবীর, এটিএন নিউজের ব্যুরো প্রধান পীযুষ কান্তি আচার্য, উদীচী জেলা সংসদের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ, তিতাস সাহিত্য-সংস্কৃতি পরিষদ সদস্য সচিব হূদয় কামাল, রক্তদানকারী সংগঠন আত্মীয়ের প্রধান সমন্বয়ক সমীর চক্রবর্তী, প্রবর্তক আবৃত্তি সংসদ সাধারণ সম্পাদক সোহেল আহাদ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের পরিচালক মো. মনির হোসেন। শোক প্রস্তাব পাঠ করেন সংগঠনের সহকারী পরিচালক আবৃত্তিশিল্পী উত্তম কুমার দাস। অনুষ্ঠানে ভাষা শহীদদের নিয়ে তিতাস আবৃত্তি সংগঠনের শিল্পীদের ছোটদল আসাদ চৌধুরী ও দ্বীপ মুখোপাধ্যায়ের ভাষার কবিতা মাধ্যম দল মেয়েরা কবি মো. মনির হোসেনের কবিতা সালাম বাংলা মাকে, বড়দল মেয়েরা ত্রিপুরার কবি বিমলেন্দ্র চক্রবর্তীর কবিতা আমার ভাষা ও বড়দল ছেলেরা ত্রিপুরার কবি অনিল সরকারের কবিতা ১৯ মে বৃন্দ আবৃত্তি করেন। প্রধান অতিথির বক্তব্যে হাসান আরিফ বলেন, ‘পৃথিবীতে বাঙালির সকল ত্যাগ, সংগ্রাম ও অর্জনের কথা বাংলাদেশের মানুষকেই স্মরণ করতে হবে। কারণ পৃথিবীর বুকে বাংলাদেশই বাঙালির একমাত্র স্বাধীন রাষ্ট্র। একুশে ফেব্রুয়ারি যখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তখন বাংলার জন্য একাদশ শহীদের ১৯ মের আত্মত্যাগ আমাদেরই পালন করতে হবে।’