‘নির্দিষ্ট’ লক্ষ্যহীন ইংল্যান্ড!

আপডেট : ১৭ মার্চ ২০১৪, ২২:২৭
এক আসর আগেই শিরোপা উঠেছিল তাদের হাতে। কিন্তু সাম্প্রতিক সময়ের ফর্ম আর কন্ডিশন মিলিয়ে এবার আর ততটা জ্বলে ওঠার সম্ভাবনা নেই ইংল্যান্ডের। দেশটির টি-টোয়েন্টি দলের অধিনায়ক স্টুয়ার্ট ব্রডও মেনে নিচ্ছেন এই বাস্তবতা। গতকাল সংবাদ সম্মেলনে নির্দিষ্ট কোন লক্ষ্যের কথাই জানালেন না ব্রড। অথচ, কিছুদিন আগে কতোই না আত্মবিশ্বাসী ছিল এই ইংলিশরা। নিজেদের মাটিতে অ্যাশেজে অস্ট্রেলিয়াকে নিয়ে ছেলে-খেলা করার পর হঠাত্ই তালটা ছিড়ে গেল। অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের কাছে ফিরতি সফরে তুলোধুনো হবার পর এখন দিশেহারা ইংল্যান্ড ক্রিকেট। স্টুয়ার্ট ব্রড অবশ্য ঢাল হিসেবে সামনে নিয়ে আসলেন ওয়েস্ট ইন্ডিজ সফরকে। যদিও সেখানে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজে হেরে এসেছে ব্রডরা, ‘গত আড়াই সপ্তাহ আমরা ক্যারিবিয়ানে ছিলাম। সবাই একসঙ্গে থেকে কাজ করেছি। বাংলাদেশের এই টুর্নামেন্টে ভালো করতে চাই আমরা। সবাই খুব রোমাঞ্চিত। বোঝাপড়ায় তাই সমস্যা হওয়ার কথা নয়।’ বিপদ যখন আসে তখন সব দিক থেকেই আসে—কথাটার সবচেয়ে ভাল উদাহরণ হয়তো ইংল্যান্ড দল। ইনজুরির কারণে ছিটকে গেছেন জো রুট আর বেন স্টোকস। শঙ্কা ছিল অধিনায়ক ব্রডকে নিয়েও। কিন্তু গতকাল নিজেই সেই শঙ্কা উড়িয়ে দিলেন, ‘আমি চোট থকে সেরে উঠছি। আগামীকালের (আজকের) প্রস্তুতি ম্যাচে আমি হয়ত খেলতে পারব না, তবে পরের ম্যাচ অবশ্যই খেলব। দুবাইয়ে ১২ ঘণ্টার ট্রানজিটে জিম সেশন ছিল, সেটা কাজে দিয়েছে। টি-টোয়েন্টিতে মাত্র চার ওভার বল করতে হবে। আশা করি সেটাতে আমার খুব বেশি সমস্যা হবে না।’ ২০১০ সালে নিজেদের ইতিহাসে প্রথম কোন বিশ্বকাপের শিরোপা জয় করে ইংল্যান্ড। তবে এবার নিজেদের নিয়ে খুব একটা আশাবাদী হতে পারছেন না ব্রড। এর জন্য ফর্ম আর কন্ডিশন বড় একটা কারণ। আর ফরম্যাটের ধরনের কারণেও ইংলিশরা সমস্যায় পড়তে পারেন বলে মানছেন এই ক্রিকেটার, ‘কোনো দলই দুবার শিরোপা জিততে পারেনি। এটাই বুঝিয়ে দিচ্ছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের নির্দিষ্ট কোনো ধারা বা ফর্মুলা নেই। টুর্নামেন্টে মোমেন্টাম পেয়ে গেলে বা একজন-দুজন ক্রিকেটার হয়ত দারুণ খেলে দলকে বারবার জেতালেন, এভাবেই হয়ে থাকে। এজন্যই সব দলের সম্ভাবনা সমান। হ্যা কন্ডিশনে, উপমহাদেশের দলগুলোর সম্ভাবনা হয়ত বেশি। কিন্তু আমাদের দলেও বেশ কজন ম্যাচ উইনার আছে। ওরা দু-তিনটি ম্যাচে জ্বলে উঠলেই আমরা দেখব যে সেমি ফাইনাল বা ফাইনালে উঠে গেছি। মোমেন্টাম যদি আমরা পেয়ে যাই, শিরোপা জয়ের সুযোগও আসবে।’ কথাটা ব্রড নিজেই বিশ্বাস করেন কি না সেটা তার কণ্ঠ শুনে বোঝার উপায় ছিল না!