গ্রুইজটার্সের বোমা!

আপডেট : ১৭ মার্চ ২০১৪, ২২:২৭
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আরব আমিরাতের মুখোমুখি হবার আগে নেদারল্যান্ডসের ক্রিকেট বোর্ডের জন্য বড় ধরনের একটা ধাক্কাই হয়ে আসলো বিষয়টি। নেদারল্যান্ডসের কোচিং স্টাফদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনেছেন দলেরই একজন খেলোয়াড়! দলের সাথে বাংলাদেশে এসেও গত ১৫ তারিখ দেশে ফিরে যেতে হয় ব্যাটসম্যান টিম গ্রুইজটার্সকে। তার বদলে দলে নেয়া হয় টম কুপার্সকে। এই পরিবর্তনের কারণ হিসাবে উল্লেখ করা হয় গ্রুইজটার্সের চোটের কথা। দেশে ফিরেই দারুণ এক বোমা ফাটালেন গ্রুইজটার্স। গতকাল ইউটিউবে প্রকাশিত এক ভিডিওতে তিনি বলেন, ‘ডাচ ক্রিকেট দলে আমি খেলতাম। তবে কোচিং স্টাফদের নিয়মভঙ্গের কারণেই আমার খেলা হয়নি। তারা এমন একটা কাজ করেছে যেটি কিনা ক্রিকেটের চেতনার সাথে সাংঘর্ষিক। এক কথায় বলা যায় তারা প্রতারণা করেছে।’ নিজের এই দাবীর স্বপক্ষে যুক্তিও দিয়েছেন এই ডানহাতি। তিনি বলেন, অস্ট্রেলিয়ায় শেফিল্ড শিল্ডের ফাইনালে কুপার্সের দল উঠতে না পারায় হঠাত্ করেই তাকে দলে নেয়ার সুযোগ পায় ডাচরা। আর সেটাকে কাজে লাগাতেই এই চোট নাটকের আয়োজন করেন কোচিং সদস্যরা।