মণিপুরী ললিতকলা একাডেমিতে ১০ দিনব্যাপী কর্মশালার উদ্বোধন

আপডেট : ২২ মে ২০১৯, ২০:৩৫

নূরুল মোহাইমীন মিল্টন

কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা

 

মণিপুরীদের সংস্কৃতিকে আরো সমৃদ্ধকরণে নৃত্য, গান, মৃদঙ্গ বাদনহসহ ১০টি বিষয়ে ১০ দিনব্যাপী বাত্সরিক প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গত ১৫ মে বুধবার সকাল ১১টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুরে মণিপুরী ললিতকলা একাডেমিতে আনুষ্ঠানিকভাবে এ কর্মশালার উদ্বোধন করেন মণিপুরী ললিতকলা একাডেমির ভারপ্রাপ্ত উপ-পরিচালক কমলগঞ্জ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মধ্যে মণিপুরী সাংস্কৃতিক খুবই সমৃদ্ধ। এই সংস্কৃতিকে এগিয়ে নিতে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি তাঁদের আরো এগিয়ে নিয়ে যাবে বলে শিল্পীদের ধারণা। মণিপুরী ললিতকলা একাডেমির নাট্য প্রশিক্ষক সুভাশীষ সিনহার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা পর্বে স্বাগত বক্তব্য রাখেন একাডেমির গবেষণা কর্মকর্তা প্রভাষ চন্দ্র সিংহ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মণিপুরী ললিতকলা একাডেমির নির্বাহী সদস্য আহমদ সিরাজ।

একাডেমি সূত্রে জানা যায়, ১২০ জন প্রশিক্ষণার্থীর অংশগ্রহণে ১০টি বিষয়ে ১০ দিনের প্রশিক্ষণে নৃত্য, গান, আবৃত্তি, নাটক, তবলা বাদনসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে।