অন্য র ক ম
১৮ বছর বয়সি এই মেয়ে ক্যান্সারের একটি ওষুধ আবিষ্কার করেছে। বলছিলাম মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের নাগরিক শ্রী বোসের কথা। শ্রী হার্ভার্ড
বিশ্ববিদ্যালয়ে আণবিক জীববিদ্যা নিয়ে অধ্যয়নরত
আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা ক্যান্সার নিয়ে কথা বললে একবার হলেও তার কথা বলেন। এমনকি তার ওভাল অফিসে একান্ত সাক্ষাত্ করেছেন মেয়েটির সঙ্গে। কারণ ১৮ বছর বয়সি এই মেয়ে ক্যান্সারের একটি ওষুধ আবিষ্কার করেছে। বলছিলাম মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের নাগরিক শ্রী বোসের কথা। শ্রী হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে আণবিক জীববিদ্যা নিয়ে অধ্যয়নরত। তিনি এরপর চিকিত্সক হওয়ার জন্য মেডিক্যাল কলেজে ভর্তি হবেন বলে ভাবছেন।
ক্যান্সারের ওষুধ ক্লিসপ্লাটিন নিয়ে তিনি গুরুত্বপূর্ণ গবেষণা করেছেন। এই অসাধারণ কৃতিত্ব তাকে ২০১১ সালের গুগল সাইন্স ফেয়ারে প্রথম স্থান দখলের পথে সহায়ক হয়েছে। তিনি বড় সব চিকিত্সা বিজ্ঞান সম্মেলনে বক্তৃতা দিয়েছেন। জনপ্রিয় গ্লামার ম্যাগাজিন ‘ইয়ং অ্যামাজিং ওমেন অব দ্যা ইয়ার’ এ জায়গা করে নিয়েছেন।
শ্রীর দাদু যকৃতের ক্যান্সারের সাথে দীর্ঘদিন ধরে লড়াই করে পরাজিত হয়েছেন। সেই থেকে এই ক্যান্সারের সমাধান খুঁজছিলেন শ্রী। তিনি এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটেছেন তার চেষ্টাকে সফল করতে। কিন্তু সেই সব বিশেষজ্ঞরা তার আগ্রহকে মূল্য দেয়নি বয়স এবং অভিজ্ঞতার দোহাই দিয়ে। তার আবেদনে সাড়া দেয় নর্থ টেক্সাস সাইন্স হেলথ সেন্টার। তারা তার আগ্রহকে সম্মান দেন এবং তাদের গবেষণাগারে কাজ করার সুযোগ করে দেন। সুযোগ সম্পূর্ণ কাজে লাগিয়ে শ্রী অসামান্য ফলাফল দেখাতেও ভুল করেননি।
শ্রী বলেন, আমার প্রকল্প শুধু ক্যান্সারের ওষুধে সীমাবদ্ধ নয়, আমি আরও কার্যকর এবং রোগীদের জন্য স্বস্তিদায়ক চিকিত্সা পদ্ধতি নিয়ে কাজ করছি। এই মুহূর্তে প্রায় ২ লক্ষ ৪০ হাজার রোগী রয়েছে যারা ওভারিয়ান ক্যান্সারের চিকিত্সা করাচ্ছেন। তাদের কেমোথেরাপিতে আমার প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করি। শ্রীর কৃতিত্ব শুধু ল্যাবেই সীমাবদ্ধ নয়। তিনি তার হাইস্কুল ম্যাগাজিনের প্রধান সম্পাদক এবং সাঁতার দলের দলপতি!
