বিনোদন রিপোর্ট
ছোটপর্দার জনপ্রিয় মুখ শার্লিন ফারজানা। প্রতিবছর ঈদেই একাধিক নাটকের ব্যস্ততায় থাকেন তিনি। তবে এবার ঈদে বিশেষ নাটকের তেমন ব্যস্ততা নেই তাঁর। ঈদে প্রচার হবে তাঁর অভিনীতে একটি নাটক।
‘ভালোবাসার নিলাম’ শিরোনামে এহসানের পরিচালনায় নাটকটিতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন জোভান। এবার প্রথম জোভান-শার্লিন জুটিকে দেখবেন দর্শকরা। নাটকটি প্রসঙ্গে শার্লিন বলেন, ‘অনেকদিন পর নাটকে অভিনয় করলাম। ঈদের জন্য এই একটি কাজই করেছি। যেহেতু ঈদের পরই আমার ছবি মুক্তি পাচ্ছে তাই আমি চাইছি না ঈদের আর কোনো কাজ করতে। আমার অল্প কিছু হলেও যাঁরা দর্শক আছে তাঁরা আমাকে হলে গিয়েই দেখুক।’ ঈদের পর মুক্তি পেতে যাচ্ছে শার্লিনের সিনেমা ‘ঊনপঞ্চাশ বাতাস’। সিনেমাটি পরিচালনা করেছেন মাসুদ হাসান উজ্জ্বল। এর আগেও বেশ কয়েকবার সিনেমাটি মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। এ প্রসেঙ্গ শার্লিন বলেন, ‘বেশ কয়েকবার ছবিটি মুক্তির তারিখ পিছিয়েছে। আসলে এটা যেই ঘরানার ছবি সেই ধরণের দর্শক ও চাহিদা তৈরি করতে চেয়েছেন ছবিটির পরিচালক। যে সময়টাতে অন্যান্য ছবির প্রতিযোগিতা থাকবে না, দর্শকরা ছবিটি হলে গিয়ে দেখবে। তাহলে একটা শ্রেণির দর্শক হয়তো আমরা পাবো। বাণিজ্যিক সিনেমার দর্শক আর আমাদের দর্শক তো এক না, তাই একটা সেফ সময়ে আমরা এটা মুক্তি দিতে চাচ্ছি। এই ছবিতে আমি ও আমার সহশিল্পী দু’জনই নতুন, তাই ঈদে মুক্তির ঘোষণা দিয়ে কোনো ঝুঁকি নিতে চাননি পরিচালক। ঈদের পর ফাঁকা সময়ে সিনেমাটি মুক্তি দেওয়া হবে। আগস্টেই ছবিটি মুক্তি দেওয়া হবে আমি যতদূর জানি।’
