এ মাসের শেষে আইপ্যাডে আসছে মাইক্রোসফট অফিস

আপডেট : ১৮ মার্চ ২০১৪, ১৯:২৮
বিশ্বব্যাপী জনপ্রিয়তম সফটওয়্যার স্যুটের মধ্যে শীর্ষেই রয়েছে মাইক্রোসফটের অফিস প্যাকেজ। বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মের জন্যই রয়েছে এর আলাদা আলাদা সংস্করণ। তবে অ্যাপল’র জনপ্রিয় পণ্য আইপ্যাডের জন্য এর কোনো সংস্করণ নেই এখনও পর্যন্ত। তবে অবশেষে আইপ্যাড ব্যবহারকারীদের মনোবাসনা পূর্ণ হতে যাচ্ছে। চলতি মাসের ২৭ তারিখেই আইপ্যাডের জন্য উন্মুক্ত হতে যাচ্ছে মাইক্রোসফট অফিসের বিশেষ সংস্করণ। এমন খবরই মিলেছে বিভিন্ন সংবাদসংস্থা থেকে। আসছে ২৭ মার্চ রয়েছে মাইক্রোসফটের নতুন সিইও সত্য নাদেল্লা’র প্রথম অফিশিয়াল ইভেন্ট। ‘স্পেশাল ক্লাউড- অ্যান্ড মোবাইল-ফোকাসড ইভেন্ট’ শিরোনামের এই ইভেন্টেই সত্য নাদেল্লা অফিসের এই সংস্করণটি উন্মুক্ত করতে যাচ্ছেন বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, আইফোনের জন্য অফিসের যে সংস্করণটি রয়েছে, সেটিরই অনুরূপ হচ্ছে আইপ্যাড সংস্করণ। এতে ওয়ার্ড, এক্সেল বা পাওয়ারপয়েন্ট ফাইল বিনামূল্যে দেখার সুবিধা থাকলেও সেগুলো এডিট করতে গেলে বা অফিস ৩৬৫ ব্যবহার করতে গেলে তার জন্য সাবস্ক্রিপশনের প্রয়োজন হবে।