চা খাওয়াকে কেন্দ্র করে ফরিদপুরের বোয়ালমারী উপজেলাধীন তেলজুড়ীতে দুই পক্ষের সংঘর্ষে ১১ জন আহত হয়েছে। ভাংচুর করা হয়েছে প্রায় ৪০টি বাড়ি-ঘর। গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে তেলজুড়ী বাজারে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বাজারের একটি চায়ের দোকানে আওয়ামী লীগ নেতা ডাবলু খন্দকার ও বিএনপির সমর্থক সাফু ফকির একই সাথে চায়ের অর্ডার দেন। একজনকে চা আগে দেয়ায় উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় ডাবলু খন্দকার পক্ষের ফরিদ রিমনসহ বেশ কয়েকজন আহত হয়। এ ঘটনা ডাবলু খন্দকারের লোকজনের মধ্যে ছড়িয়ে পড়লে তারা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সাফু ফকির ও তার সমর্থকদের বাড়ি-ঘরে হামলা চালিয়ে ভাংচুর ও ৭/৮ জনকে পিটিয়ে আহত করে।
