আগামীকাল আদমদীঘিতে বাবা আদম (রহঃ) ওরস শরীফ
আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা \ প্রতিবছরের মতো আগামীকাল বৃহস্পতিবার আদমদীঘির বাবা আদম (রহঃ) এর মাজার শরীফে ঐতিহ্যবাহী বার্ষিক ওরস মোবারক অনুষ্ঠিত হবে। উক্ত ওরস মোবারকে আদমদীঘি থানার ওসি নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন বগুড়া-৩ এলাকার সংসদ সদস্য এ্যাডঃ নুরুল ইসলাম তালুকদার, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বগুড়া পুলিশ সুপার মোজাম্মেল হক পিপিএম, উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন, ওরস মোবারকে প্রধান বক্তা হিসাবে ওয়াজ ফরমাইবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা আনোয়ার হোসেন জিহাদীসহ (নাটোরী) প্রখ্যাত আলিমগণ।
চান্দিনায় বর্ষসেরা ইউএনওকে সংবর্ধনা
চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা \ কুমিল্লার চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ ছালেহ্ আহাম্মদ জেলার বর্ষসেরা শ্রেষ্ঠ ইউএনও মনোনীত হওয়ায় তাকে সংবর্ধনা প্রদান করে প্রাথমিক শিক্ষকবৃন্দ। গত সোমবার বিকেলে চান্দিনা নির্বাহী অফিসারের কার্যালয়ে তাকে এই সংবর্ধনা দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন, ওই সমিতি চান্দিনা উপজেলা সভাপতি শামছুন্নাহার, সাধারণ সম্পাদক কমল বক্সী, মহিলা সম্পাদক সাহিদা আক্তার, অর্থ সম্পাদক আতাউর রহমান, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, সহ-সম্পাদক উম্মে হানি, প্রধান শিক্ষক নজরুল ইসলাম প্রমুখ।
বাঞ্ছারামপুরে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারমপুর উপজেলা ছলিমাবাদ গ্রামে গতকাল মঙ্গলবার ইসলামীয়া প্রিপারেটরী স্কুল মাঠে অভিভাবক সমাবেশ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্কুলের সভাপতি মোখলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ব্যাংকের সাবেক এক্সিকিউটিভ প্রেসিডেন্ট আবদুর রকীব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ রোস্তম আলম, বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সভাপতি এম এ আউয়াল। প্রধান অতিথি বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
নাগেশ্বরীতে শস্য বহুমুখীকরণ প্রকল্পের কৃষি মেলা
নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা \ নাগেশ্বরীতে চার দিনব্যাপী দ্বিতীয় শস্য বহুমুখীকরণ প্রকল্পের কৃষি মেলা শুরু হয়েছে। গত সোমবার এর উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান লাভলী বেগম। উদ্বোধনী সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হায়াত মোঃ রহমতুল্লাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম সরকার, কৃষি কর্মকর্তা মাসুদুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহাদত্ হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুল কাদের, সি.এফ.এস.সি.ডি.পি নাসির উদ্দিন প্রমুখ।
নওগাঁর পিটিআইয়ে ক্রীড়া পুরস্কার বিতরণ
নওগাঁ প্রতিনিধি \ নওগাঁ আন্তঃ পিটিআইয়ের বার্ষিকী ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় উপ-পরিচালক সৈয়দ নাজিমুদ্দিন। গতকাল মঙ্গলবার বিতরণী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত সুপার আবু আব্দুল্লাহ মোঃ সানাউল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম, প্রাক্তন সুপার আব্দুল মান্নান প্রামাণিক।
সুন্দরগঞ্জে সেচ মটর মালিক সমিতির সমাবেশ
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা \ উপজেলার পল্লী বিদ্যুত্ সমিতির দুর্নীতি, অনিয়ম, জরিমানা ও বিদ্যুত্ বিল বৃদ্ধি না করা এবং ধুবনীতে নতুন সাব-স্টেশন নির্মাণের দাবিতে সেচ মটর মালিক সমিতির এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, গতকাল মঙ্গলবার সেচ মটর মালিক সমিতির সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম গোলাপ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক মোন্তাজুর রহমান বাবু, প্রলব চৌধুরী প্রমুখ।
চৌগাছায় সবুজ কুঁড়ি কিন্ডার গার্টেনে ক্রীড়া অনুষ্ঠিত
চৌগাছা (যশোর) সংবাদদাতা \ যশোরের চৌগাছা উপজেলার ঐতিহ্যবাহী শিশু শিক্ষা প্রতিষ্ঠান সবুজ কুঁড়ি কিন্ডার গার্টেন স্কুলে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। শনিবার ও রবিবার দু’দিনব্যাপী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আলহাজ্ব ফজলে রাব্বি সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ আবু জাফর, মাধ্যমিক শিক্ষা অফিসার গোপাল চন্দ্র মজুমদার ও চৌগাছা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু জাফর।
বাঘায় শাশুড়ীর কান ছিঁড়ে দুল নিয়েছে পুত্রবধূ
বাঘা (রাজশাহী) সংবাদদাতা \ রাজশাহীর বাঘায় শাশুড়ীর কান ছিঁড়ে দুল ছিনিয়ে নিয়েছে এক পুত্রবধূ। স্বামী হাসমত আলীর মারপিটে তার-মা মাজেদা বেওয়া মাটিতে পড়ে যাওয়ার পর পুত্রবধূ মুর্শিদা শাশুড়ীর কানে থাকা সোনার দুল ছিনিয়ে নেয়। গত সোমবার দুপুরে উপজেলার মনিগ্রাম হাবাসপুর এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, গত দুই মাস পূর্বে আম বাগান বিক্রি করে অগ্রিম ৯০ হাজার টাকা ছেলে হাসমত আলীকে দেন মাজেদা বেওয়া। এরপর সোমবার এ টাকা থেকে ১০ হাজার টাকা চান তিনি। এ নিয়ে তর্ক-বিতর্কের এক পর্যায়ে ছেলের মারপিটে মাটিতে পড়ে যায় “মা”। এ সময় মাজেদার দুই কানে থাকা স্বর্ণের দুল ছিনিয়ে নেয় তার পুত্রবধূ মুর্শিদা। এ ঘটনায় কান ছিঁড়ে প্রচুর রক্তক্ষরণ শুরু হলে স্থানীয় লোকজন মাজেদা বেওয়াকে স্থানীয় বাঘা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন। বাঘা থানার অফিসার ইনচার্জ আমিনুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।
দেবীগঞ্জে এমপি ও উপজেলা চেয়ারম্যান সংবর্ধিত
দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা \ নবনির্বাচিত পঞ্চগড় ২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মো.নুরুল ইসলাম সুজন ও দেবীগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান হাসনাত্ জামান চৌধুরী জজসহ ২ ভাইস চেয়ারম্যানকে সংবর্ধনা দিয়েছে শালডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগ। গত সোমবার শালডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শ্রী মদন মোহন রায়ের সভাপতিত্বে দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আসম নুরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক আবু, শালডাঙ্গা ইউনিয়নের সাধারণ সম্পাদক মাজেদ সরকার ও আসাদুজ্জামান চৌধুরীসহ আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সংবর্ধনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চাঁপাইনবাবগঞ্জে প্রাথমিক শিক্ষা মেলা
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি \ জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপনের অংশ হিসেবে গতকাল মঙ্গলবার শিক্ষা মেলা অনুষ্ঠিত হয়। এ মেলার উদ্বোধন করেন এবং প্রধান অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. নজরুল ইসলাম। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুস সাত্তার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, সহকারী কমিশনার আল ইমরান, সহকারী শিক্ষা অফিসার গোলাম নবী, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফুল হক প্রমুখ।
শিবালয়ে ১০ দিনব্যাপী মেলার আয়োজন
শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা\ শিবালয় উপজেলার মুক্তিযোদ্ধাদের উদ্যোগে মালুচী বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ২২ মার্চ থেকে ১০ দিনব্যাপী স্বাধীনতা মেলার আয়োজন করা হয়েছে। মেলা উদ্বোধন করবেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মেলা উদযাপন কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা রেজাউর রহমান খান জানু জানান, অধ্যক্ষ আব্দুর রউফ খানের সভাপতিত্বে বিশেষ অতিথি থাকবেন মানিকগঞ্জ-১ আসনে আ’লীগ দলীয় এমপি এ,এম নাঈমুর রহমান দুর্জয়, জেলা আ’লীগ সভাপতি এডভোকেট গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক গাজী কামরুল হুদা সেলিম।
নন্দীগ্রামে ইভটিজিংয়ের দায়ে এক যুবকের জরিমানা
নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা\ বগুড়ার নন্দীমের ইভটিজিংয়ের দায়ে এক যুবকের ২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিত্ রায়ের ভ্রাম্যমাণ আদালত বাঁশো নওদাপাড়া গ্রামের একটি মেয়েকে ইভটিজিং করার দায়ে একই গ্রামের কদম আলীর ছেলে আব্দুর রহমানকে (২৫) ওই জরিমানা করেন।
আড়াইহাজারে যুবলীগের বর্ধিত সভা
গোপালদী বাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা \ আড়াইহাজারে যুবলীগের বর্ধিত সভা গত সোমবার দুপুরে উপজেলা এসএম মাযহারুল হক অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুবলীগ সভাপতি ফরিদ পাশার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু। আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীল লীগ সভাপতি আলহাজ্ব শাহজালাল মিয়া, সাধারণ সম্পাদক এডভোকেট আঃ রশিদ ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক সুন্দর আলী, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান, উপজেলা ছাত্রলীগ সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ।
এনায়েতপুরে নিরাময় ক্লিনিকের উদ্যোগে বিনামূল্যে চিকিত্সা
চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা\ অসহায় রোগীদের সাহায্যার্থে সিরাজগঞ্জের এনায়েতপুরে নিরাময় ক্লিনিকের উদ্যোগে বিনামূল্যে চিকিত্সা সহায়তা প্রদান করা হয়েছে। ক্লিনিকটিতে গত সোমবার দিনব্যাপী ৮ জন বিশেষজ্ঞ চিকিত্সক ৩ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিত্সাপত্র প্রদান করে। এসময় স্থানীয় ইউপি চেয়ারম্যান ওমর ফারুক, ক্লিনিকের মালিক ডাঃ শাহ জামাল, আব্দুল মন্ডল, নুর আলম মন্ডলসহ অতিথিরা উপস্থিত ছিলেন। এছাড়া আগত রোগীদের জন্য ছিল ৫০ শতাংশ ছাড়ে সকল পরীক্ষা ও চিকিত্সা সেবার ব্যবস্থা।
