আগামী ২৩ মার্চ চতুর্থ পর্যায়ে উপজেলা পরিষদ নির্বাচনে পটুয়াখালী জেলার মীর্জাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হচ্ছেন আওয়ামী লীগ সমর্থিত দলীয় একক প্রার্থী এ্যাডভোকেট মোঃ হারুন অর-রশিদ (দোয়াত-কলম), একই দলের বিদ্রোহী প্রার্থী বর্তমান ভাইস চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী (কাপ-পিরিচ), বিএনপি সমর্থিত দলীয় একক প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি মোঃ সাহাবুদ্দিন নান্নু (ঘোড়া), স্বতন্ত্র প্রার্থী উপজেলা সদরস্থ সুবিদখালী বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী ও বহিষ্কৃত সাবেক উপজেলা বিএনপির সভাপতি মোঃ আশ্রাফ আলী হাওলাদার (মোটর সাইকেল) ও স্বতন্ত্র প্রার্থী মুক্তিযোদ্ধা আঃ আজিজ মল্লিক (আনারস)। চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত দলীয় একক প্রার্থী থাকলেও বেশিরভাগ দলীয় নেতাকর্মীরা বিদ্রোহী প্রার্থী খান মোঃ আবু বকর সিদ্দিকীর পক্ষে মাঠ চষে বেড়াচ্ছেন। অপরদিকে মোঃ সাহাবুদ্দিন নান্নু বিএনপি সমর্থিত দলীয় একক প্রার্থী হওয়া সত্ত্বেও বিএনপি ও এর সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মী বিশিষ্ট ব্যবসায়ী ও বহিষ্কৃত সাবেক উপজেলা বিএনপির সভাপতি স্বতন্ত্র প্রার্থী মোঃ আশ্রাফ আলী হাওলাদারের পক্ষে নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে। এমতাবস্থায় এখানে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ত্রিমুখী লড়াই হবে। এদিকে ভাইস চেয়ারম্যান পদে যে ৪ জন প্রার্থী রয়েছেন তারা হলেন, আওয়ামী লীগ সমর্থিত দলীয় একক প্রার্থী কাজী মোঃ মিজানুর রহমান (বই), একই দলের বিদ্রোহী প্রার্থী এ্যাডভোকেট মোঃ মোস্তাফিজুর রহমান (টিউবওয়েল), বিএনপি সমর্থিত দলীয় একক প্রার্থী মোঃ শহিদুল ইসলাম (তালা) ও স্বতন্ত্র প্রার্থী মোঃ হাতেম আলী সিকদার (চশমা)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন- আওয়ামী লীগ সমর্থিত দলীয় একক প্রার্থী এ্যাডভোকেট আয়েশা সিদ্দিকা (কলস) ও বিএনপি সমর্থিত দলীয় একক প্রার্থী মিসেস হাসিনা বেগম (হাঁস)।
