আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দুই ও বিএনপির দুই প্রার্থী এবং জেপির সমর্থিত প্রার্থী নিয়ে জমে উঠেছে কাঠালিয়া উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে প্রার্থী ও সমর্থকদের দিন-রাত ছুটে চলার যেন শেষ নেই। এবার কে হচ্ছেন উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান— এ নিয়ে চলছে দলের তৃণমূল নেতা-কর্মী ও ভোটারদের মাঝে নানা জল্পনা-কল্পনা। চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত উপজেলা আওয়ামী লীগের সভাপতি বর্তমান উপজেলা চেয়ারম্যান মোঃ ফারুক সিকদার (কাপ পিরিচ), উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম মিরন সিকদার (দোয়াত কলম), জেপির সমর্থিত প্রার্থী জেপির কেন্দ্রীয় শিক্ষা ও ছাত্রবিষয়ক সম্পাদক এবং জেপির ঝালকাঠি জেলা সভাপতি এডভোকেট মোঃ এনামুল ইসলাম রুবেল (আনারস), আওয়ামী লীগের সাবেক সদস্য সচিব মোঃ তরনি সিকদার (চিংড়ি মাছ) ও বিএনপির জেলা শাখার ধর্মবিষয়ক সম্পাদক ও উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল জলিল মিয়াজী (মটর সাইকেল মার্কা), ভাইস চেয়ারম্যান (পুরুষ) উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ জালালুর রহমান আকন (উড়োজাহাজ মার্কা), উপজেলা যুবদলের সভাপতি মোঃ জাকির হোসেন কবির (চশমা)ও আওয়ামী লীগের জেলা সদস্য মোঃ এমাদুল হক মনির (টিউবয়েল),ভাইস চেয়ারম্যান (মহিলা), উপজেলা আওয়ামী লীগের মহিলা সভানেত্রী ও বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খানম(ফুটবল) ও উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস মিয়ার স্ত্রী নাসিমা বেগম চম্পা (কলস)। ২৩ মার্চ এখানে নির্বাচন অনুষ্ঠিত হবে।
