আগামী ২৩ মার্চ অনুষ্ঠিতব্য ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার-প্রচারণা জমে উঠেছে। গত ৭ মার্চ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের পর নির্বাচনী প্রচারণায় নতুন মাত্রা যুক্ত হয়েছে। উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ ইকরামুল হক মোটর সাইকেল, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও শীবগঞ্জ ডিগ্রী কলেজের প্রভাষক মোঃ জিয়াউল ইসলাম জিয়া আনারস, পীরগঞ্জ উপজেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক ফয়জুল ইসলাম দোয়াত কলম ও উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ পারুল ঘোড়া প্রতীক পেয়েছেন। প্রতীক পাওয়ার পর প্রেসগুলোতে পোষ্টার ছাপানোর ধুম পড়েছে। ইতিমধ্যে অনেক প্রার্থীর পোষ্টার রাস্তায় রাস্তায় টাঙ্গানো হয়েছে। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান পারুল বেগম কলস, আওয়ামী লীগ সদস্যা ভারতী রানী রায় হাঁস ও কোষারানীগঞ্জ ইউপি সদস্যা সীতা রানী রায় ফুটবল প্রতীক পেয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা কৃষক লীগ সম্পাদক আশরাফ আলী বাদশা তালা, বিএনপি সমর্থক শুকুমার রায় টিউবওয়েল ও উপজেলা জামায়াতের আমীর ও ডিএন ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আবুল কাশিম চশমা প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন। ইতোমধ্যে আওয়ামী লীগ ১০টি ইউনিয়ন ও একটি পৌর কমিটির বিশেষ বর্ধিত সভা করে তৃণমূল নেতা-কর্মীদের চাঙ্গা করতে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেছেন। গণসংযোগের ক্ষেত্রে বিএনপিও পিছিয়ে নেই। অন্য প্রার্থীরাও ছুটছেন সমানতালে। ফলে বিভিন্ন দলের সমর্থকরা হোটেল-রেষ্টুরেন্ট ও ‘চা’ ষ্টলে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়ছেন যার যার পছন্দের প্রার্থীকে নিয়ে। সেই সঙ্গে প্রার্থীদের সততা, যোগ্যতা ও শিক্ষা-দীক্ষা, জনসেবার বিভিন্ন দিক নিয়েও চলছে চুলচেরা বিশ্লেষণ। সব মিলিয়ে গ্রাম-গঞ্জ-শহরে এখন উপজেলা নির্বাচন নিয়ে সৃষ্টি হয়েছে ব্যাপক আলোড়ন।
