নির্বাচনের টুকরো খবর

আপডেট : ১৮ মার্চ ২০১৪, ২১:৪৫
কালীগঞ্জে আওয়ামী লীগ প্রার্থীদের গণসংযোগ কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা\ গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে সোমবার কালীগঞ্জ পৌরসভাসহ উপজেলার বিভিন্নস্থানে গণসংযোগ করেছেন আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মো. মোয়াজ্জেম হোসেন পলাশ (দোয়াত কলম), ভাইস চেয়ারম্যান প্রার্থী আমজাদ হোসেন স্বপন (তালা) ও মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলী দাস মিলি (কলস)। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক পরিমল চন্দ ঘোষ ও এবিএম তারিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল হাশেম ভূঁইয়া, পৌর কাউন্সিলর মো. জসিমউদ্দিন তারা ও মো. আতাবউদ্দিন, বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের যুগ্ম সম্পাদক ইব্রাহীম খন্দকারসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বাউফলে শান্তিপূর্ণ ভোট প্রদানের দাবিতে মানববন্ধন পটুয়াখালী প্রতিনিধি\ শান্তিপূর্ণ পরিবেশে ‘আমার ভোট আমি দিতে চাই’ দাবিতে বাউফল রিপোর্টার্স ইউনিটির সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। ২৩ মার্চ চতুর্থ দফায় বাউফল উপজেলা পরিষদ নির্বাচনে নির্ভয়ে ভোট দানের দাবিতে উপজেলার সাধারণ ভোটাররা রবিবার এই মানববন্ধন করে। মানববন্ধনের ব্যানারে লেখা ছিল ‘ভয় ভীতি আর ভাল লাগে না, আমরা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে চাই’— এই দাবিতে মানববন্ধন। শ্লোগান ছিল: ‘প্রকাশ্য ব্যালটে নয়, গোপন কক্ষে আমার ভোট আমি দিতে চাই, চাই প্রশাসনের সহায়তা।’ মানববন্ধনে অংশ নেয়া উপজেলার নাজিরপুর এলাকার ডালিমা গ্রামের আব্দুল হাই নামের এক ভোটার বলেন, ‘আমি আমার ভোট, আমি দিতে চাই’। ছাগলনাইয়ায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ছাগলনাইয়া (ফেনী) সংবাদদাতা\ ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রশাসনের নজরদারি না থাকায় প্রার্থীরা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের মহোত্সব শুরু করেছে। বেশিরভাগ প্রার্থী মোটর সাইকেল শোডাউন, তাদের ব্যবহূত গাড়িতে পোস্টার লাগিয়ে প্রচারণা, বিভিন্ন স্থাপনায় আঠা দিয়ে পোস্টার লাগানো, রঙিন ব্যানার লাগানো, রাতে মাইকে প্রচারণা চালানোসহ নানাভাবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছেন। হরিণাকুণ্ডে প্রিজাইডিং পোলিং অফিসারদের প্রশিক্ষণ সমাপ্ত হরিণাকুণ্ডু (ঝিনাইদহ ) সংবাদদাতা\ ২৩ মার্চ হরিণাকুণ্ডু উপজেলার নির্বাচন। এই নির্বাচনে ৬২টি কেন্দে র জন্য ৬৫ জন প্রিজাইডিং অফিসার, ৩৫২ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৭০৪ জন পোলিং অফিসার নিয়োগ দেয়া হয়েছে এবং গত ১৪ ও ১৫ জুন দু’দিনব্যাপি তাদেরকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। নির্বাচনী প্রচারণায় মুখরিত ধামরাই ধামরাই(ঢাকা) সংবাদদাতা\ আসন্ন ধামরাই উপজেলা নির্বাচনকে কেন্দ করে ব্যাপক প্রচারণা চলছে ধামরাইয়ে। সব দলের নেতাকর্মীরাই এখন প্রচারণায় ভীষণ ব্যস্ত। আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা আদাজল খেয়ে নেমে পড়েছেন প্রচারণায়। সুতিপাড়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল হালিম বাংলাদেশ আ’লীগের জন্য এক নিবেদিতপ্রাণ। আব্দুল হালিম আহার-নিদ্রা, ব্যবসা-বাণিজ্য ছেড়ে দিয়ে নেতাকর্মীদের নিয়ে নেমে পড়েছেন নির্বাচনী প্রচারণায়। তিনি রাতদিন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এবং ভোটারদের দ্বারে দ্বারে অনুনয়-বিনয় করে আ’লীগ সমর্থিত প্রার্থীদের জন্য ভোট চেয়ে বেড়াচ্ছেন। দৌলতখানে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বহিষ্কৃত ভোলা উত্তর প্রতিনিধি\ ২৩ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী উপজেলার বর্তমান চেয়ারম্যান মামুনুর রশিদ বাবুল এবং আওয়ামী লীগ প্রার্থী মনজুরুল আলম খান। বিদ্রোহী প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করায় জেলা আওয়ামী লীগ মামুনুর রশিদকে বহিষ্কার করেছে। এ ব্যাপারে মামুনুর রশিদ বলেন- তিনি দীর্ঘকাল যাবত্ আওয়ামী লীগের সদস্য। এখন তিনি প্রকৃত আওয়ামী লীগ প্রার্থী। হোমনায় ৫ জনের জামানত বাজেয়াপ্ত হোমনা (কুমিল্লা) সংবাদদাতা\ হোমনায় দুই চেয়ারম্যান প্রার্থীসহ ৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। ১৫ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে জামানত বাজেয়াপ্তরা হলেন: চেয়ারম্যান পদে- জেলা আওয়ামী লীগ নেতা মো. শহিদউল্লাহ, স্বতন্ত্র প্রার্থী মো. রোস্তম আলম স্বপন, ভাইস চেয়ারম্যান পদে- আওয়ামী লীগ সমর্থিত উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক ভাইস চেয়ারম্যান ফজলুল হক মোল্লা, স্বতন্ত্র প্রার্থী মো. নজরুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ নেত্রী মিনারা ভাসানী সরকার। হাজীগঞ্জে স্থগিত ভোট ২৭ মার্চ হাজীগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা\ গত ১৫ মার্চ অনুষ্ঠিত হাজীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলার ৭৯টি কেন্দ্রের মধ্যে ২টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়। কেন্দ্র দুটি হচ্ছে- পশ্চিম রাজারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মেনাপুর বাদশা মিয়া উচ্চ বিদ্যালয়। ২৭ মার্চ স্থগিত হওয়া এ দুটি কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। স্থগতি ভোট কেন্দ্রে ভোটার সংখ্যা ৪ হাজার ৭৬২। ঘিওরে ১৩ জনের জামানত বাজেয়াপ্ত শিবালয়(মানিকগঞ্জ) সংবাদদাতা\ মানিকগঞ্জের ঘিওর উপজেলা নির্বাচনে বিএনপি সমর্থিত খন্দকার লিয়াকত হোসেন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি ২১ হাজার ৭৪৯ ভোট ও নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আ’লীগ সমর্থিত মোঃ হাবিবুর রহমান ১২ হাজার ৯০৮ ভোট পান। ভাইস চেয়ারম্যান পদে বিএনপির মোঃ ফজর আলী এবং নারী ভাইস চেয়ারম্যান পদে একই দলের জ্যোত্স্না শিকদার জয়ী হন। ৫৩টি কেন্দে ১ লাখ ৭ হাজার ৩৬৪ জন ভোটার ছিলেন। উল্লেখ্য, ঘিওরে চেয়ারম্যান পদে ১৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী ছিলেন। রায়পুরে নির্বাচনী প্রচারণায় বাধার অভিযোগ রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা\ পঞ্চম পর্যায়ে উপজেলা পরিষদ নির্বাচনের প্রতীক বরাদ্দের সাথে সাথে রায়পুর উপজেলার সর্বত্র নির্বাচনী প্রচারণা সরগরম হয়ে উঠেছে। কয়েক স্থানে প্রার্থীদের সমর্থকদের মাঝে সহিংসমুখী উত্তেজনার খবর পাওয়া যাচ্ছে। জামায়াত সমর্থিত একক প্রার্থী হাবিবুর রহমান মিন্টু জানান, উত্তর ও দক্ষিণ চর বংশী ইউনিয়নে তার কর্মীদেরকে প্রতিপক্ষ প্রার্থীর লোকেরা প্রচারণার কাজে বাধা দিচ্ছে এবং তার প্রচারণা বন্ধ করে দেয়ার হুমকি দিচ্ছে। ফুলবাড়িতে বিএনপি নেতা বহিষ্কৃত ফুলবাড়ি (দিনাজপুর) সংবাদদাতা\ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ায় বিএনপি থেকে বিদ্রোহী প্রার্থী এসএম জাকারিয়া বাচ্চুকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপির কেন্দ ীয় কমিটি। জেলা বিএনপিকে পাঠানো বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বার্তায় জানানো হয়েছে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে দলীয় গঠনতন্ত্রের ৫ (গ) ধারায় পার্বতীপুর উপজেলা বিএনপির নেতা এসএম জাকারিয়া বাচ্চুকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। নওগাঁয় তিন উপজেলা চেয়ারম্যানকে গণসংবর্ধনা নওগাঁ প্রতিনিধি\ নওগাঁর-১ আসনের (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) তিন উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত আওয়ামী লীগের তিন চেয়ারম্যানকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। এরা হলেন: নব-নির্বাচিত নিয়ামতপুর উপজেলার মোঃ এনামুল হক, সাপাহার উপজেলার মোঃ সামসুল আলম শাহ চৌধুরী ও পোরশা উপজেলার মোঃ আনোয়ারুল ইসলাম। সোমবার পোরশা উপজেলায় সড়াইগাছী মোড়ে স্থানীয় আওয়ামী লীগের উদ্যেগে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য সাধন চন্দ মজুমদার। মঠবাড়িয়ায় বিএনপি প্রার্থীর সংবাদ সম্মেলন মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা\ পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা নির্বাচনে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব রুহুল আমিন দুলাল সোমবার নিজ বাস ভবনে এক সংবাদ সম্মেলনে নির্বাচনের প্রচার কাজে নিয়োজিত কর্মী সমর্থকদের ওপর আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর ক্যাডার বাহিনী কর্তৃক হামলা, মামলা ও নির্বাচনী প্রচার কাজে বাধা প্রদানের অভিযোগ করেছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রুহুল আমিন দুলাল জানান, তার দোয়াত-কলম প্রতীকে নির্বাচনী প্রচারের সময় আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডাররা উপজেলা যুবদলের আহবায়ক আবু বকর সিদ্দিক বাদল, বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য ফরহাদ হোসেন, কবির আহম্মেদ, শামিম আকন, আব্দুর রাজ্জাক ও ইউপি সদস্য শিপন মিয়াকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। রূপগঞ্জে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা\ আসন্ন রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোঃ শাহজাহান ভুঁইয়া ভুলতা এলাকায় ও ভাইস চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব লায়ন মোঃ হাবিবুর রহমান হারেজ তারাবো পৌরসভা এলাকায় গণসংযোগ করেন। এ সময় দলীয় নেতা-কর্মীরা তাদের সঙ্গে ছিলেন। এদিকে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ূন ইছাপুরা এলাকায় ও ভাইস চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন রূপগঞ্জ এলাকায় গণসংযোগ করেন। আগামী ৩১ মার্চ এখানে নির্বাচন অনুষ্ঠিত হবে। নেত্রকোনায় নির্বাচনোত্তর সহিংসতা নেত্রকোনা প্রতিনিধি \ নেত্রকোনায় নির্বাচনোত্তর সহিংসতায় বিএনপি যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীদের বাসা-বাড়ি ও দোকানপাটে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটছে। এতে করে বিএনপি যুবদল ও ছাত্রদলের অনেক নেতা-কর্মী বাসা-বাড়ি দোকানপাট ফেলে রেখে অন্যত্র পালিয়ে বেড়াচ্ছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের তালুকদার সোমবার সাংবাদিকদের নিকট অভিযোগ করে বলেন, নির্বাচনী ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীর সমর্থক ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে চল্লিশা বাজারের যুবদল নেতা জুয়েলের দোকান ও বিএনপি নেতা বাচ্চুর দোকানে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালায়। বাগেরহাটে সহিংসতায় ইউপি চেয়ারম্যানসহ আহত ১০ বাগেরহাট প্রতিনিধি\ বাগেরহাটের রামপাল উপজেলার সন্যাসী বাজারে সোমবার নির্বাচনোত্তর সহিংসতায় বিএনপি সমর্থকদের হামলায় জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও মল্লিকেরবেড় ইউপি চেয়ারম্যান তালুকদার নাজমুল কবির ঝিলামসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ইউপি চেয়ারম্যান ঝিলাম (৪৪), মাসুম শেখ (৩৬), ইউপি সদস্য নাকিয়া খানম (৪২) ও মনিরুজ্জামান হাবিবকে (৪৬) রাতে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী বিএনপির নেতা-কর্মীদের ৪টি বাড়ি ও ১০টি ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনা ঘটে। চৌহালীতে আওয়ামী লীগ প্রার্থীদের গণসংযোগ চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা\ সিরাজগঞ্জের চৌহালীতে আগামী ২৩ মার্চ উপজেলায় নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান পদে আলহাজ্ব হজরত আলী মাষ্টার (ঘোড়া), ভাইস চেয়ারম্যান পদে সাব্বির হাই রিপন (টিয়াপাখি) এবং মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা ইয়াসমিন ঝর্না (কলস) নদী ভাঙ্গন কবলিত আর দুর্গম চরাঞ্চল চৌহালী জুড়ে একযোগে গণসংযোগ করছেন। প্রার্থীরা নদী ভাঙ্গন প্রতিরোধ ও অবহেলিত চরাঞ্চলবাসীর ভাগ্য পরিবর্তন, রাস্তা-ঘাট নির্মাণসহ অবকাঠামোগত উন্নয়নে দিচ্ছেন নানা রকম প্রতিশ্রুতি।