মার্কিন এই কম্পিউটার বিজ্ঞানী ও ক্রিপ্টোগ্রাফারের পুরো নাম রোনাল্ড লিন রিভেস্ট। বিশ্বখ্যাত ম্যাসাচুসেট ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্পিউটার সায়েন্স বিভাগের তিনি একজন অধ্যাপক। এ ছাড়া সেখানকার কম্পিউটার সায়েন্স অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ল্যাবরেটরিরও সদস্য। আরএসএ ক্রিপ্টোসিস্টেমের অন্যতম একজন উদ্ভাবক রিভেস্ট। অ্যাডি শামির এবং লেন অ্যাডেলম্যানের সাথে তিনি এই অ্যালগরিদম উদ্ভাবন করেন। এর বাইরেও আরসি২, আরসি৪ এবং আরসি৫ ‘সিমেট্রিক কি এনক্রিপশন’ অ্যালগরিদমও তিনিই উদ্ভাবন করেন। এই ‘আরসি’ অক্ষর দুইটি মূলত ‘রিভেস্ট সাইফার’কেই নির্দেশ করে। এর বাইরেও এনক্রিপশন এবং সাইফার সিস্টেম নিয়ে যৌথভাবে আরও অনেকের সাথেই কাজ করেছেন তিনি। ১৯৪৭ সালে জন্মগ্রহণ করা এই কম্পিউটার বিজ্ঞানী ১৯৬৯ সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন গণিতে, ইয়েল ইউনিভার্সিটি থেকে। পরে তিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞানে পিএইচডি ডিগ্রি লাভ করেন। এরপর থেকেই তিনি এনক্রিপশন নিয়ে কাজ করতে শুরু করেন।
