ভাষা সৈনিক কাজী গোলাম মাহাবুবের ৮ম মৃত্যুবার্ষিকী আজ

আপডেট : ১৮ মার্চ ২০১৪, ২২:১৪
১৯৫২ সালের সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ভাষা সৈনিক কাজী গোলাম মাহাবুবের ৮ম মৃত্যুবার্ষিকী আজ। তিনি ১৯২৭ সালের ২৩ ডিসেম্বর বরিশালের গৌরনদী থানার কসবা গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৪২ সালে ব্রিটিশ বিরোধী ও পাকিস্তান আন্দোলনের একজন সক্রিয় কর্মী হিসেবে রাজনীতিতে অংশ নেন। ১৯৪৮ সালে তিনি ভাষা আন্দোলনে অংশ নেন। সে বছর ১১ মার্চের ধর্মঘটে পিকেটিং করতে গিয়ে তিনি প্রথমে আহত ও পরে গ্রেফতার হন। ১৯৫২ সালে ভাষা আন্দোলন পরিচালনার জন্য ‘সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ গঠিত হলে তিনি উক্ত পরিষদের আহ্বায়ক মনোনীত হন এবং আন্দোলন পরিচালনায় মুখ্য ভূমিকা পালন করেন। কাজী গোলাম মাহাবুবের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর জন্মস্থান বরিশালের গৌরনদীতে কাঙালি ভোজ এবং ঢাকায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। -বিজ্ঞপ্তি