g রয়টার্স
সিরীয় সরকার রাসায়নিক অস্ত্র ব্যবহার করছে, এমন ইঙ্গিত পাওয়ার দাবি করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে উত্তর-পশ্চিম সিরিয়ায় ক্লোরিন হামলার একটি অভিযোগও অন্তর্ভুক্ত বলে মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়। রাসায়নিক হামলার ঘটনার প্রমাণ পাওয়া গেলে ওয়াশিংটন ও তার মিত্ররা ‘দ্রুততার সঙ্গে যথাযথ’ প্রতিক্রিয়া জানাতে পারে বলে বিবৃতিতে হুঁশিয়ার করা হয়েছে।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মর্গান ওর্তেগাস বলেছেন, ‘আসাদ সরকার সম্ভবত তাদের রাসায়নিক অস্ত্রের ব্যবহার পুনরায় শুরু করেছে, দুর্ভাগ্যজনকভাবে নিয়মিত এমন ইঙ্গিত দেখছি আমরা। এর মধ্যে ১৯ মে সকালে সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে একটি ক্লোরিন হামলার অভিযোগও অন্তর্ভুক্ত।’ তিনি আরো বলেন, ‘ওই ঘটনার বিষয়ে এখনও তথ্য সংগ্রহ করছি আমরা কিন্তু আমাদের হুঁশিয়ারির পুনরাবৃত্তি করছি, যদি আসাদ সরকার রাসায়নিক অস্ত্র ব্যবহার করে থাকে তাহলে যুক্তরাষ্ট্র ও আমাদের মিত্ররা দ্রুততার সঙ্গে যথাযথ জবাব দিবে।’
ওর্তেগাস জানিয়েছেন, বৃহত্তর ইদলিব এলাকায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাহিনীগুলো তীব্র অভিযান শুরু করেছে, ক্লোরিন হামলার যে অভিযোগ এসেছে তা ওই অভিযানেরই অংশ। এই অভিযানের মাধ্যমে আসাদ সরকার একটি অস্ত্রবিরতি লঙ্ঘন করছে বলে অভিযোগ করেছেন তিনি।
