যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য যুদ্ধে লাভ হচ্ছে ভিয়েতনামের

আপডেট : ২২ মে ২০১৯, ২১:৪৪

 

বাণিজ্য যুদ্ধের জের ধরে চীনে কার্যক্রম চালানো কোম্পানিগুলো তাদের পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানির ক্ষেত্রে এখন বাড়তি শুল্কের খড়গে পড়ে বেশ চাপের মুখে আছে। কিন্তু এ যুদ্ধে লাভবান হচ্ছে ভিয়েতনাম। চীনে পণ্য উত্পাদকদের রীতিমত প্রণোদনা দেওয়া হচ্ছে, তারা যাতে দ্রুত তাদের কারখানা যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক প্রভাবিত করবে না এমন দেশে সরিয়ে নেয়। এমন দেশগুলোর মধ্যে একটি হলো চীনেরই প্রতিবেশী ভিয়েতনাম। ব্যবসাবান্ধব হিসেবে ভিয়েতনাম ইতোমধ্যেই বেশ নাম করেছে। এখন চীনা বিনিয়োগের গন্তব্যও তাই ভিয়েতনাম। অবশ্য বিদেশি কোম্পানিগুলো দীর্ঘদিন ধরেই ভিযেতনামের সস্তা শ্রম আর চমত্কার ব্যবসার পরিবেশের সুফল নিচ্ছিল।

যুক্তরাষ্ট্রভিত্তিক থিংক ট্যাংক পিটারসন ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল ইকোনমিকসের ম্যারি লাভলির মতে, চীনে শ্রমের মজুরি অনেক বেড়ে যাওয়ায় ভিয়েতনাম ইতোমধ্যেই এর সুফল পেতে শুরু করেছে। শ্রম খরচ ভিয়েতনামেও বাড়ছে, কিন্তু তারপরেও সেটি প্রতিবেশী চীনের তুলনায় অনেক কম। খবর বিবিসি বাংলার। গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র চীনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করলে চীনা বিনিয়োগও ভিয়েতনামের দিকে যাওয়া শুরু করে। বিশ্লেষকরা বলছেন, চীনের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের পর ভিয়েতনামে চীনা বিনিয়োগ আসছে দ্রুতগতিতে।

তবে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এড়াতে যেসব প্রতিষ্ঠান দ্রুত ভিয়েতনামে সরে যাচ্ছে, তাদের বিরুদ্ধেও নিষেধাজ্ঞার ঝুঁকি দেখছেন অনেক বিশ্লেষক। কারণ, যুক্তরাষ্ট্র প্রশাসন বেশ ভালো করেই দেখছে যে, এসব চীনা প্রতিষ্ঠান নিষেধাজ্ঞা এড়াতে অন্যত্র যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যেই টুইট করেছন, ‘শুল্ক আরোপিত অনেক কোম্পানি চীন ছেড়ে ভিয়েতনাম বা এশিয়ার অন্য দেশে যাচ্ছে। সে কারণই চীন চুক্তিটি বাজেভাবে করতে চাইছে।’