চাটমোহরের লিচু বাগানে মুকুলের সমারোহ

আপডেট : ১৯ মার্চ ২০১৪, ২২:০১
উত্তরাঞ্চলের অন্যতম লিচু উত্পাদনকারী উপজেলা চাটমোহরে লিচু গাছগুলোতে মুকুলের সমারোহ। এ উপজেলায় প্রতি বছর প্রায় ২ কাটি টাকার লিচু বিক্রি হয়ে থাকে বলে লিচু চাষীরা জানান। তবে এবার গাছে পর্যাপ্ত মুকুল আসেনি বলে তারা জানান। উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ জানিয়েছেন, চাটমোহরে সাড়ে তিশ’ হেক্টর জমিতে বিভিন্ন জাতের লিচু বাগান করা হয়েছে। মাঘ মাসের শেষের দিক থেকেই গাছে গাছে মুকুল আসা শুরু হয়। কিন্তু এবার ফাল্গুন মাসের শেষ মুহূর্তে অধিকাংশ লিচু গাছে নতুন পাতা ছেড়ে দিয়েছে। এর ফলে কিছু লিচু বাগানে সবগুলো গাছে পর্যাপ্ত মুকুল গজায়নি। উপজেলার লিচু গ্রাম হিসেবে পরিচিত রামচন্দ্রপুর গ্রামের লিচু চাষী জাহা্ঙ্গীর আলম জানান, গত বছর চার লাখ টাকার লিচু বিক্রি করেছেন। এবার গাছে মুকুল কম আসায় কিছুটা দাম কম মিলবে। লিচু চাষী মোবারম হোসেন বলেন, তার ১৫০টি লিচু গাছ আছে। সবগুলো গাছেই মুকুল এসেছে। কোন প্রাকৃতিক দুর্যোগ না হলে ভালো ফলন হবে। বাগান মালিক আকবর আলী বলেন, তার ২০০ লিচু গাছ আছে। এবার বৈরি আবহাওয়ার কারণে তার লিচু বাগানে মুকুল কিছুটা কম এসেছে। তবে ফলন ভালো হবে আশা করছি। ইতোমধ্যে দেশের বিভিন্ন অঞ্চল থেকে বেপারীরা এসে লিচু বাগান কিনছেন।