কার্গোর সঙ্গে সংঘর্ষে তলা ফেটে গ্লোরী অব শ্রীনগর-২ লঞ্চে পানি

আপডেট : ২২ মে ২০১৯, ২১:৫২

রক্ষা পেল তিন শতাধিক যাত্রী

 মতলব উত্তর (চাঁদপুর) ও লালমোহন (ভোলা) সংবাদদাতা

ঢাকা থেকে ছেড়ে আসা এমভি গ্লোরী অব শ্রীনগর-২ লঞ্চের সঙ্গে একটি বালু ভর্তি কার্গো জাহাজের সংঘর্ষ হয়। সংঘর্ষে লঞ্চের তলাফেটে পানি উঠে। মঙ্গলবার রাত ১০টায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর দশানী-মোহনপুর এলাকায় এ ঘটনা ঘটে। এম.ভি গ্লোরী অব শ্রীনগর-২ লঞ্চটি ঢাকা থেকে ভোলার লালমোহন যাচ্ছিল। লঞ্চে থাকা তিন শতাধিক যাত্রী প্রাণহানি থেকে রক্ষা পেয়েছে।

জানা  যায়, ঢাকা থেকে ছেড়ে আসা লালমোহনগামী এম.ভি গ্লোরী অব শ্রীনগর-২ লঞ্চটির সাথে বালু ভর্তি কার্গো জাহাজের ধাক্কা লাগে। ধাক্কায় লঞ্চটির তলাফেটে যায় এবং পানি উঠে অর্ধনিমজ্জিত হয়ে যায়। পরে ঢাকা থেকে এম.ভি গ্লোরী অব শ্রীনগর-৮ লঞ্চ এসে যাত্রীদের গন্তব্য উদ্দেশ্যে নিয়ে গেছে।

লঞ্চযাত্রী ডাক্তার মুকুলের কাছ থেকে সংবাদ পেয়ে মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার ঘটনাস্থলে পৌছে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি সদস্য, মোহনপুর কোস্ট গার্ডের সদস্য, কলাকান্দা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, গ্রাম পুলিশ সদস্য, ফায়ার সার্ভিসের সদস্য এবং মোহনপুর ও কলাকান্দা ইউনিয়নের জনগনের সহায়তায় লঞ্চ যাত্রীদের উদ্ধার কাজ করেন।