পৃথক সড়ক দুর্ঘটনায় ১৩ জন হতাহত

আপডেট : ১৯ মার্চ ২০১৪, ২২:০৪
দেশের বিভিন্ন স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছে। খবর আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের। মুন্সীগঞ্জে পোল্ট্রি ব্যবসায়ী নিহত চলন্ত বাসের ছাদ থেকে পড়ে পোল্ট্রি ব্যবসায়ীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজিত জনতা ঢাকা-মাওয়া মহাসড়ক অবরোধ ও পাঁচটি গাড়ি ভাংচুর করেছে। মঙ্গলবার মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নীলফামারীতে রিকশাচালক নিহত মঙ্গলবার নীলফামারী-সৈয়দপুর প্রধান সড়কের ফুলতলা নামক স্থানে মোটর সাইকেলের ধাক্কায় আব্দুল মজিদ (৫০) নামের এক রিকশাচালক নিহত হয়েছে। শাজাহানপুরে দাখিল পরীক্ষার্থী নিহত বগুড়ার শাজাহানপুরে ট্রাকের চাকায় পিস্ট হয়ে ফারজানা (১৭) নামের এক দাখিল পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার উপজেলার সুজাবাদ দহপাড়া এলাকার বগুড়া দ্বিতীয় বাইপাস মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফারজানা বগুড়া পৌরসভার ২১ নং ওয়ার্ডের শ্যামবাড়িয়া পশ্চিমপাড়া এলাকার দিনমজুর ফরিদউদ্দিনের একমাত্র মেয়ে। মঠবাড়িয়ায় পোস্টম্যান নিহত পিরোজপুর মঠবাড়িয়ার মিরুখালী ডাকঘরের পোস্টম্যান ফনিকুলু (৪০) মঙ্গলবার টমটম দুর্ঘটনায় নিহত হয়েছে। নিহত ফনিকুলু উপজেলার নাপিতখালী গ্রামের জিতেনকুলুর পুত্র। সাতক্ষীরায় কৃষক নিহত সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর হাটখোলা এলাকায় মঙ্গলবার ঢাকাগামী একটি যাত্রীবাহী পরিবহনের চাকায় পিষ্ট হয়ে কৃষক নিহত হয়েছে। নিহত কৃষকের নাম বাকের আলী (৭০)। সে আলীপুর এলাকার মৃত কুতুবউদ্দীনের ছেলে। কচুয়ায় ব্যবসায়ী নিহত রহিমানগর-নবাবপুর সড়কের নাউলায় সিএনজি ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে মঙ্গলবার সার ব্যবসায়ী ইন্দ্রজিত্ ডিলার (৫২) নিহত ও আরও দুই ব্যক্তি আহত হয়েছে। কাউনিয়ায় ট্রলি উল্টে নিহত-২ রংপুরের কাউনিয়ায় ট্রলি উল্টে চালক শ্রী সুজন (২২) ও হেলপার মিলন মিয়া (২৭) নিহত হয়েছেন। মঙ্গলবার রংপুর কুড়িগ্রাম মহাসড়কের বিজলের ঘুন্টি স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত চালক শ্রী সুজন উপজেলার সিংহারকুড়া বাহাগিলি গ্রামের ললনী কান্তের ছেলে ও হেলপার মিলন একই গ্রামের আজিজারের ছেলে। দাউদকান্দিতে চালক নিহত গতকাল বুধবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি উপজেলার জিংলাতলী নামক স্থানে ২টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত এবং স্কুলছাত্রসহ ৪ জন আহত হয়েছে। নিহত ট্রাকের চালক মোঃ শাহাদাত হোসেন(২৮) দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার জিয়র গ্রামের অহেদ মিয়ার পুত্র। আহতরা হলো: অপর ট্রাকের চালক গোলাম মোস্তফা(২৬), হেলপার মহিউদ্দিন(২২), আলামিন(২৪) এবং পথচারী জিংলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র মোঃ সাজ্জাদ হোসেন(৮)। আহতদেরকে গৌরীপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাণীনগরে নিহত ১ নওগাঁ রাণীনগরে গতকাল বুধবার ভটভটি-পিকআপ সংঘর্ষে রওশন আরা (৬৬) নামে এক মহিলা নিহত এবং মহিলাসহ কমপক্ষে চারজন আহত হয়েছে। আহতদের হাসপাতারে ভর্তি করা হয়েছে। শাহজাদপুরে দুর্ঘটনায় নিহত ১ গতকাল বুধবার শাহজাদপুর উপজেলার বগুড়া নগরবাড়ী মহাসড়কের মশিপুর বাজারের কাছে একটি মোবাইল ফ্লেগজি লোডের দোকানে একটি দ্রুতগামী লছিমন ঢুকে পড়লে দোকানে দাঁড়ানো রুহুল আমীন (৩৫) লসিমনের ধাক্কায় গুরুতর আহত হয়। আহত রুহুলকে হাসপাতালে নেয়ার পথে মারা যায়। চান্দিনায় ২ সাংবাদিক আহত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চান্দিনা উপজেলার কেরনখাল নামক স্থানে বুধবার দুপুরে সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছে দৈনিক ইত্তেফাকের চান্দিনা ও বুড়িচং সংবাদদাতা মামুনুর রশিদ সরকার ও দৈনিক নয়াদিগন্তের প্রতিনিধি রনবীর ঘোষ কিংকর। এরা উভয়ে দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ এলাকা থেকে মোটরসাইকেল যোগে চান্দিনায় যাচ্ছিলেন।