গাংনীতে বস্তাবন্দী অবস্থায় অপহূত যুবক উদ্ধার

আপডেট : ১৯ মার্চ ২০১৪, ২২:০৫
মেহেরপুরের গাংনীতে অপহরণের ৩ মাস পর মজনুর রহমান (২৮) নামের এক যুবককে বস্তাবন্দী অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের সংবাদের ভিত্তিতে বামুন্দী পুলিশ ক্যাম্পের সদস্যরা তাকে ঝোড়াঘাট গ্রামের মাঠ থেকে উদ্ধার করে। গাংনী থানার ওসি মাছুদুল আলম জানান, গত মঙ্গলবার সকাল আটটার দিকে ঝোড়াঘাট মাঠের মধ্যে একটি বস্তা নড়াচড়া করতে দেখে কৃষকরা স্থানীয় বামুন্দী পুলিশ ক্যাম্পে খবর দেয়। সংবাদ পেয়ে এসআই শামসুল আলম ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গিয়ে বস্তা খুলে লোহার শিকল দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় এক যুবককে উদ্ধার করা হয়। পরে স্থানীয় লোকজন মজনুর রহমান নামের ওই যুবকের পরিচয় নিশ্চিত করে। পরে পরিবারের সদস্যদের কাছে মজনুর রহমানকে হস্তান্তর করা হয়। অপহূত মজনুর রহমানের পিতা কুতুব উদ্দিন শেখ জানান, গত ১৬ ডিসেম্বর বিকেলে সে বাড়ি থেকে বামুন্দী বাজারে আসার পথে অপহরণকারীদের কবলে পড়ে। অপহরণের কয়েকদিন পর মোবাইল ফোনে ২ লাখ টাকা দাবি করে। কোথায় কিভাবে টাকা পরিশোধ করতে হবে তা জানানো হয়নি। এ ব্যাপারে তত্কালীন সময়ে গাংনী থানায় একটি জিডি করেন তিনি। অপহূত মজনুর রহমান জানান, চাঁদাবাজরা বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে রাখতো আর শারীরিক নির্যাতন করতো। কম খেতে দিতো। আবার দুয়েকদিন খেতেও দিতো না। এক স্থান থেকে অন্য স্থানে নেয়ার সময় তাকে বস্তায় বন্দী করা হতো। মজনুর রহমান গাংনী উপজেলার চরগোয়াল গ্রামের কুতুব উদ্দিন শেখের ছেলে।