উখিয়ায় শিক্ষকের বিরুদ্ধে প্রার্থীর অভিযোগ
উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা\ উখিয়া সোনারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছৈয়দ কাশেমের বিরুদ্ধে নির্বাচনে ঘোড়া ও টিউবওয়েল মার্কা প্রতীকের পক্ষে সরাসরি প্রচারণায় অংশগ্রহণের অভিযোগ করেছেন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী নূরুল আলম নুরু মেম্বার। মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামের নিকট তিনি অভিযোগ করে এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
মদনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ত্রিমুখী লড়াই
মদন (নেত্রকোনা) সংবাদদাতা\ নেত্রকোনার মদনে ২৩ মার্চ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ৮ জন প্রার্থী নির্বাচনী মাঠে থাকলেও উভয় পদে ত্রিমুখী লড়াই জমে উঠেছে। প্রার্থীরা প্রতিদিন ভোর থেকে মধ্যরাত পর্যন্ত উপজেলার পৌরসভাসহ ৮টি ইউনিয়নের গ্রামগঞ্জ, হাটবাজার, পাড়ামহল্লা, অলিগলিতে ভোটারদের খুঁজে ভোট প্রার্থনা করছেন। চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাইদুর রহমান বগী (মোটর সাইকেল), বিএনপি সমর্থিত প্রার্থী এমএ হারেছ (ঘোড়া), বিএনপি বিদ্রোহী বহিষ্কার প্রার্থী রফিকুল ইসলাম আকন্দ (দোয়াত-কলম)।
ফটিকছড়িতে দুই প্রার্থীর জরিমানা
ফটিকছড়ি (চট্টগ্রাম) সংবাদদাতা\ ফটিকছড়ি উপজেলা নির্বাচনে দুই ভাইস চেয়ারম্যান প্রার্থীকে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের দায়ে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছেন। সেই সাথে তাদের নিকট থেকে অঙ্গীকারনামা আদায় করেছেন। এ দুই প্রার্থীরা হচ্ছেন মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী তামান্না হাসনাত এবং পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী উত্তম কুমার মহাজন। তামান্না হাসনাত তার নির্বাচনী পোস্টারে স্বামীর দলীয় এবং উত্তম কুমার মহাজন পিতার পরিচয় দিয়ে পোস্টার ছাপানোর দায়ে প্রত্যেককে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
টঙ্গীবাড়ীতে প্রার্থীরা জতার মুখোমুখি
মুন্সীগঞ্জ প্রতিনিধি\ একই মঞ্চে দাঁড়িয়ে নিজেদের নির্বাচনী প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন টঙ্গীবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদ প্রার্থীরা। মঙ্গলবার সুশাসনের জন্য নাগরিক-সুজন আয়োজিত টঙ্গীবাড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত ‘জনগণের মুখোমুখি’ অনুষ্ঠানে সব দলের প্রার্থীরা একত্রিত হন।এতে অংশ নেন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার কাজী আব্দুল ওয়াহিদ ও বিএনপির চেয়ারম্যান প্রার্থী আলী আজগর রিপন মল্লিক। বিএনপির ভাইস চেয়ারম্যান প্রার্থী মাহবুবুর রহমান বাচ্চু হালদার ও ভাইস চেয়ারম্যান প্রার্থী ইসলামিক শাসনতন্ত্র আন্দোলনের মাওলানা আল আমীন খলিফা এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বিএনপি পাপিয়া ইসলাম। এই পাঁচ প্রার্থীকে উপস্থিত ভোটাররা নানা প্রশ্ন করেন। তারা সরাসরি প্রশ্নে উত্তর দেন।
তালায় বিভাগীয় কমিশনারের মতবিনিময়
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা\ আসন্ন ৪র্থ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার সাতক্ষীরার তালা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উপজেলা পরিষদে কর্মরত কর্মকর্তা/কর্মচারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আব্দুল জলিল।
গলাচিপার সর্বত্র নির্বাচনী হাওয়া
গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা\ ২৩ মার্চ চতুর্থ দফা উপজেলা নির্বাচনে গলাচিপার সর্বত্র নির্বাচনী হাওয়া বইছে। নির্বাচনের তারিখ যত ঘনিয়ে আসছে সম্ভাব্য প্রার্থীদের তত্পরতা তত বাড়ছে। প্রতিদিনই প্রর্থীরা উপজেলোর বিভিন্ন ইউনিয়নে সভা-সমাবেশ, পথসভা করছে। সমগ্র জনপদে শোভা পাচ্ছে পোস্টার। সমানতালে চলছে মাইকিং। পছন্দের প্রার্থী নিয়ে আলোচনা চলছে চায়ের দোকান, পাড়া-মহল্লায়। জনসভা ও পথসভার ফাঁকে ফাঁকে রাতদিন পড়া-মহল্লা চষে বেড়াচ্ছেন প্রার্থী ও সমর্থকরা।
বেতাগীতে ক্লাস বন্ধ রেখে
নির্বাচনী প্রচারণা
বরগুনা (দক্ষিণ) সংবাদদাতা\ বরগুনা বেতাগী উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে শিক্ষা কার্যক্রম বন্ধ করে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী গোলাম কবীরের পক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের নির্বাচনী সভা ও প্রচার অভিযানে অংশ নেয়ার অভিযোগ পাওয়া গেছে। প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী শাহজাহান কবির স্থানীয় প্রশাসনের কাছে এ বিষয়ে একটি লিখিত অভিযোগে করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, বেতাগী ডিগ্রি কলেজ, পুটিয়াখালী মাধ্যমিক বিদ্যালয়, বিবিচিনি তালগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়, কাউনিয়া কলেজ, ছোপখালী মাধ্যমিক বিদ্যালয়, ছোপখালী জহুর উদ্দীন মাদ্রাসা, দক্ষিণ ছোপখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধানমারি চত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর ছোপখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চর ছোপখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকরা সরাসরি নির্বাচনী প্রচার ও জনসভায় যোগদান করছেন।
গোদাগাড়ীর সহিংসতায় দুটি মামলা
গোদাগাড়ী (রাজশাহী) সংবাদদাতা\ রাজশাহী গোদাগাড়ীতে নির্বাচন পরবর্তী পৃথক দুটি সহিংসতার ঘটনায় থানায় দুটি মামলা দায়ের হয়েছে। এসব মামলার মধ্যে একটির ১২ নং আসামিকে পুলিশ গ্রেফতার করে জেল-হাজতে প্রেরণ করেছে। গোদাগাড়ী মডেল থানা সূত্রে জানা যায়, শনিবার গোদাগাড়ী উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগণনাকালে উপজেলার ভানপুরে কাঁকনহাট ডিগ্রি কলেজকে তালাবদ্ধ করে রাখার চেষ্টা করে সরকারদলীয় কর্মীরা। এসময় চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি ইসহাক আলীর সমর্থক ও আওয়ামী লীগের প্রার্থী একেএম আসাদুজ্জামানের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
মান্দায় উপজেলা
চেয়ারম্যানকে সংবর্ধনা
মান্দা (নওগাঁ) সংবাদদাতা\ নওগাঁ মান্দায় চতুর্থ উপজেলা পরিষদের তৃতীয় দফার নির্বাচনে জামায়াত সর্মথিত প্রার্থী উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুর রশিদ (কাপ-পিরিচ) প্রতীকে ৫৬ হাজার ৭ শত ৮৫ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সর্মথিত ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস এম ব্রুহানী সুলতান মাহমুদ গামাকে ৬ শত ৩৯ ভোটের ব্যবধানে পরাজিত করে নির্বাচিত হওয়ায় নওগাঁ জেলা শিবিরের নেতৃবৃন্দ আন্তরিক মুবারকবাদ ও অভিনন্দন জানিয়ে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। উপজেলা জামায়াত কার্যালয়ে এ উপলক্ষে এক সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা শিবির সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন নবনির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুর রশিদ।
প্রচার-প্রচারণায়
সরগরম নাসিরনগর
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ প্রতীক বরাদ্দের পর নাসিরনগর উপজেলা পরিষদ নির্বাচনে বিভিন্ন দল সমর্থিত প্রার্থীরা পোস্টার ও ডিজিটাল ব্যানার লাগানোর প্রতিযোগিতায় নেমেছেন। এরই মধ্যে উপজেলা সদরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ হাট-বাজার ও মোড় ছেয়ে গেছে পোস্টারে। নির্বাচন আগামী রবিবার। তাই সরগরম হয়ে উঠেছে নাসিরনগর। তবে আওয়ামী লীগের একক প্রার্থী থাকলেও বিএনপি জোটের দু’জন প্রার্থী থাকায় ভোটাররা সংশয়ে পড়েছেন।
ছাগলনাইয়ায় ১৯ দল
প্রার্থীর পথসভা
ছাগলনাইয়া (ফেনী) সংবাদদাতা\ ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচনে ১৯ দল সমর্থিত চেয়ারম্যান প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব নূর আহাম্মদ মজুমদার’র (কাপ-পিরিছ) সমর্থনে এক পথসভা সোমবার সন্ধ্যায় বাঁশপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক (অবঃ) আবু আহাম্মদ পাটোয়ারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন ছাগলনাইয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ আলমগীর বিএ, যুবদলের কেন্দ ীয় সদস্য মশিউর রহমান খোকন।
শ্রীমঙ্গলে বিএনপি প্রার্থী বহিষ্কৃত
পাল্টে গেছে হিসাব নিকাশ
শ্রীমঙ্গল(মৌলভীবাজার)সংবাদদাতা\ প্রচার-প্রচারণা ও জনসংযোগ জোরেশোরে চললেও শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে বিএনপি প্রার্থীদের অবস্থান নিয়ে ঘোলাটে পরিস্থিতির সৃষ্টি হয়েছে। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতায় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আতাউর রহমান (লাল হাজি) কে দল থেকে বহিষ্কারের পর নির্বাচনী মাঠে এখন চেয়ারম্যান পদের ইস্যুটি ভোটারদের আলোচনায় প্রাধান্য পাচ্ছে। বিএনপির প্রভাবশালী দু’জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার সুয়োগে আওয়ামী লীগের প্রার্থীর জয়ের সম্ভাবনা বেশি নিশ্চিত হয়ে গেছে বলেও অনেকের অভিমত।
বড়াইগ্রামে ভোট কেন্দ
পুনর্বহালের দাবি
বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা\ নাটোর বড়াইগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনের একটি কেন্দ পুনর্বহালের দাবিতে স্থানীয় সংসদ সদস্য ও রিটার্নিং অফিসারসহ বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করেছে উপজেলার রোলভা ও মামুদপুর গ্রামের অধিবাসীরা। মঙ্গলবার তারা এ স্মারকলিপি প্রদান করেন। রোলভা ও মামুদপুর গ্রামের ১২৫০ জন ভোটার ইতিপূর্বে রোলভা এবতেদায়ী মাদ্রাসা সাব কেন্দে ভোট দিতেন। কিন্তু এবার তা ভরতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দে র সঙ্গে একীভূত করা হয়েছে। প্রায় তিন কিলোমিটার দূরে বড়াল নদী পেরিয়ে দুর্গম যোগাযোগ ব্যবস্থার কারণে অধিকাংশ বৃদ্ধ ও নারী ভোটারেরা ভোট দিতে যেতে পারবেন না। তাই এলাকাবাসী অবিলম্বে সাবকেন্দ টি পুনর্বহালের দাবি জানান।
নান্দাইলে দুই
প্রার্থীর জরিমানা
নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা\ ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচনী আচরণবিধি লংঘনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত মঙ্গলবার সন্ধ্যায় চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন। এ সময় আদালত পরিচালনা করেন ময়মনসিংহের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিভীষণ কুমার দাস।
রাজগাতী ইউনিয়নে নির্ধারিত সংখ্যার অতিরিক্ত নির্বাচনী কার্যালয় স্থাপনের অভিযোগে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আব্দুল মালেক চৌধুরীকে ২০ হাজার টাকা ও নির্বাচনের আগে সাঁটানো রঙিন পোস্টার না তোলার অভিযোগে নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী লুত্ফুন্নাহার লাকীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
পুঠিয়ার দুই বিদ্রোহীর
প্রার্থিতা বহাল
রাজশাহী অফিস\ অবশেষে সুপ্রিম কোর্টের আদেশে প্রার্থিতা ফিরে পেয়েছেন রাজশাহীর পুঠিয়া উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি ও আওয়ামী লীগের দুই বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী। এরা হলেন, বিএনপির আনোয়ারুল ইসলাম জুম্মা এবং আওয়ামী লীগের আহসান-উল হক মাসুদ। ১৬ মার্চ হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চের আদেশে তাদের প্রার্থিতা বাতিল করা হলে তারা পুঠিয়ায় আলোচনার কেন্দ বিন্দুতে পরিণত হন।
ঈশ্বরদীতে বিএনপি
নেতা বহিষ্কার
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা\ দলীয় শৃংখলা ভঙ্গের কারণে ঈশ্বরদীতে পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী জাকারিয়া পিন্টুকে বহিষ্কার করা হয়েছে। বিএনপি’র কেন্দ ীয় কমিটির যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক পত্রে গঠনতন্ত্রের ৫ (গ) ধারা মোতাবেক তাকে বিএনপি’র প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বানারীপাড়ায় আওয়ামী লীগ
প্রার্থীর ক্যাম্পে অগ্নিসংযোগ
বানারীপাড়া(বরিশাল)সংবাদদাতা\ বানারীপাড়ায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আলহাজ্ব গোলাম ফারুক’র পৌর শহরে নির্বাচনী ক্যাম্প উদ্বোধনের কয়েক ঘন্টার মধ্যে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাতে পৌর শহরের ২নং ওয়ার্ডে আ’লীগের উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক পৌর মেয়র গোলাম সালেহ মঞ্জু মোল্ল¬া ও চেয়ারম্যান প্রার্থী গোলাম ফারুক তার নির্বাচনী ক্যাম্প উদ্বোধন করেন। এর কয়েক ঘন্টা পরে গভীর রাতে দুর্বৃত্তরা ক্যাম্পে আগুন ধরিয়ে দেয়।
মির্জাপুরে নির্বাচন কর্মকর্তাদের
প্রশিক্ষণ কর্মশালা
মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ মঙ্গলবার থেকে টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা নির্বাচনের প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসারদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে দেওহাটা এ জে উচ্চ বিদ্যালয়ে তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আকতার চৌধুরী। নির্বাচন পরিচালনার জন্য ১১৩ জন প্রিজাইডিং অফিসার, ৬৩৭ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ১২৭৪ জন পোলিং অফিসারসহ ২০২৪ জন অফিসার প্রশিক্ষণে অংশ নিয়েছে বলে নির্বাচন অফিসার মাসুদ আহমেদ জানিয়েছেন।
ভূঞাপুরে জনতার মুখোমুখি প্রার্থীরা
ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ টাঙ্গাইলের ভূঞাপুরে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা একমঞ্চে মিলিত হয়ে হাতে হাত ধরে জনগণকে দেয়া তাদের প্রতিশ্রুতি পূরণের অঙ্গীকার ব্যক্ত করেন।
মঙ্গলবার ভূঞাপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সুশাসনের জন্য নাগরিক-সুজন আয়োজিত জনগণের মুখোমুখি অনুষ্ঠানে ভোটারদের কাছে এ প্রতিশ্রুতি দেন প্রার্থীরা। নির্বাচনে সত্, যোগ্য ও জনগণের কল্যাণে নিবেদিত প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করে ঘুষ, দুর্নীতি ও শোষণমুক্ত দেশ গড়ার লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সুশাসনের জন্য নাগরিক ভূঞাপুর শাখার সভাপতি ড. মনোয়ারুল ইসলাম মনোর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ্যাডভোকেট গোলাম মোস্তফা, আব্দুল হালিম এ্যাডভোকেট, মো. শামছুল হক তালুকদার ছানু ও ভাইস চেয়ারম্যান খায়রুল ইসলাম বাবলু, মো. আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
আজমিরীগঞ্জে বড় দুই
দলে একাধিক প্রার্থী
হবিগঞ্জ প্রতিনিধি \ আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান নির্বাচনে বিএনপি ও আওয়ামী লীগের একাধিক প্রার্থী থাকায় দলীয় নেতা-কর্মীরা পড়েছেন বিপাকে। চেয়ারম্যান পদে বিএনপি ও আওয়ামী লীগের ২ জন করে মোট ৪ জন প্রার্থী জোর প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ৫ইউনিয়নের সমন্বয়ে গঠিত এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ৭০ হাজার ৫শ’ ৬৪জন। ২৩ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে। চেয়ারম্যান পদে প্রার্থীগণ হচ্ছেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ মিসবাহ উদ্দিন ভুঁইয়া (কাপ-পিরিচ), উপজেলা আওয়ামী লীগের সাবেক সম্পাদক মোঃ আতর আলী মিয়া (মোটরসাইকেল), বিএনপি’র রওশন মোশাররফ শাবানা (ঘোড়া) ও জাপা থেকে বিএনপিতে যোগদানকারী মোঃ হাবিবুর রহমান (আনারস)।
গলাচিপায় ভোটযুদ্ধ হবে আ’লীগ
বিএনপি’র মধ্যে
পটুয়াখালী প্রতিনিধি\ ২৩ মার্চ চতুর্থ পর্যায়ে উপজেলা পরিষদ নির্বাচনে গলাচিপা উপজেলা পরিষদ প্রার্থীদের প্রচার-প্রচারণা এখন তুঙ্গে। আরামকে হারাম করে প্রার্থীরা যাচ্ছেন ভোট প্রার্থনার জন্য এলাকায়। এই উপজেলায় চেয়ারম্যান পদে ৩জন, ভাইস চেয়ারম্যান পদে ৪জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া এই নির্বাচনে এখানে আরও প্রার্থী হয়েছেন চেয়ারম্যান পদে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মুহাম্মদ জাকির হোসেন, ভাইস চেয়ারম্যান পদে জাসদের মোঃ নিজাম উদ্দিন তালুকদার ও জাতীয় পার্টির মোঃ মাহাবুবুর রহমান সোয়েব এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি’র বিদ্রোহী নার্গিস সুলতানা।
