ভালুকায় প্রায় তিন কোটি টাকা মূল্যের সম্পত্তিসহ বেদখলকৃত পূর্ব পাকিস্তান সার গুদামটি উদ্ধার করে তা সিলগালা করে দেয়া হয়েছে। গতকাল বুধবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সরোয়ার হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) তরফদার সোহেল রহমান উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন। এ সময় বিএডিসি ময়মনসিংহের যুগ্ম পরিচালক বিশ্বনাথ বণিক ও সহকারী পরিচালক (সার) আব্দুল আহাদ উপস্থিত ছিলেন।
জানা যায়, পাকিস্তান আমলে নির্মিত পৌর এলাকার গফরগাঁও সড়কে উপজেলা প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের পাশে ভালুকা মৌজার ১৯৯ নম্বর দাগে ১৭ শতাংশ জমির উপর একটি সার গুদাম নির্মাণ করা হয়।
পরবর্তীতে সরকারিভাবে গুদামটি পরিত্যক্ত ঘোষণা করা হলে জনৈক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন নামে এক ব্যক্তি তা লিজ নেন। কিন্তু সরকারি শর্ত ভঙ্গের কারণে এই লিজের বিরুদ্ধে বিএডিসি’র পক্ষ থেকে মামলা করা হলে আদালত মামলাটি বিএডিসির পক্ষে রায় দেন এবং ৭ দিনের সময় বেঁধে দিয়ে অবৈধ দখলদারকে উক্ত সরকারি সম্পদ ছাড়ার নোটিস দেন। বেঁধে দেয়া সময় পার হওয়ার পর গতকাল বুধবার দুপুরে এই উচ্ছেদ অভিযান করা হয়। অভিযুক্ত ইঞ্জিনিয়ার মহিউদ্দিন জানান, আদালতে এ বিষয়ে উভয়পক্ষের পৃথক মামলা চলমান আছে। তারপরও কি কারণে উচ্ছেদ বা সিলগালা করা হলো তা আমার জানা নেই।
