বিনা বেতনে চাকরিতে ১৬ বছর

আপডেট : ১৯ মার্চ ২০১৪, ২২:০৭
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার উত্তর বাহাগিলী নয়ানখাল উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী আব্দুল মান্নান বিনা বেতনে ১৬ বছর ধরে চাকরি করে আসছেন। জানা গেছে, ওই বিদ্যালয় সংলগ্ন আব্দুল মান্নানের পৈত্রিক সূত্রে পাওয়া ২৭ শতাংশ জমি ছিল। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামিয়ার রহমান ও ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল মান্নানকে জানায়, জমিটি বিদ্যালয়ের নামে দিলে তাকে বিদ্যালয়ে চাকরি দেয়া হবে। তাদের প্রতিশ্রুতি অনুযায়ী ১৯৯৭ সালে তার একমাত্র শেষ সম্বল জমিটি প্রধান শিক্ষকের কথা অনুযায়ী বিদ্যালয়ের নামে দিয়ে ঝাড়ুদার পদে যোগদান করেন আব্দুল মান্নান। কিন্তু ষ্ট্যাম্পিং প্যাটানের বহির্ভূত হওয়ায় তখন পদটি এমপিভুক্ত হয়নি। এ কারণে সে দীর্ঘ ১৬ বছর ধরে বিনা বেতনে খেয়ে না খেয়ে চাকরি করে যাচ্ছেন । পরবর্তীতে পদ শূন্য হলে তাকে আবারও নিয়োগ প্রদান এবং এমপিভুক্ত করার জন্য তার কাছ থেকে তিন লাখ টাকা দাবি করেন সভাপতি ও প্রধান শিক্ষক। কিন্ু্ত সে টাকা দিতে না পারায় তাকে আজো নিয়োগ দেয়া হয়নি। ম্যানেজিং কমিটির সভাপতি আতাউর রহমান শাহ দুলু জানান, আমার পূর্বের কমিটি তাকে নিয়োগ দিয়েছে , সে বেতন পেল কিনা এর জন্য আমি দায়ী নই। এ ব্যাপারে প্রধান শিক্ষক জামিয়ার রহমানের সাথে কথা হলে তিনি বলেন,বিদ্যালয়ে তার ১৮ শতক জমি রয়েছে। এ ব্যাপারে স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে তার জমির জন্য ৮০ হাজার টাকা দিতে চেয়েছিলাম কিন্তু তিনি মানেননি।