খুলনায় আওয়ামী লীগের পাঁচ ও বিএনপির তিন বিদ্রোহী প্রার্থী বহিষ্কার

আপডেট : ১৯ মার্চ ২০১৪, ২২:৫১
জেলায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে স্থানীয় আওয়ামী লীগ পাঁচজন বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করেছে। গতকাল বুধবার খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই বহিষ্কারে ঘোষণা দেয়া হয়। বহিষ্কারের তালিকায় রয়েছেন রূপসা উপজেলার বর্তমান চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী আলী আকবর শেখ, দাকোপ উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও পৌর মেয়র ড. অচিন্ত্য কুমার মণ্ডল, খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনের সাবেক সংসদ সদস্য ও দাকোপ উপজেলা আওয়ামী লীগ সভাপতি ননী গোপাল মণ্ডল এবং দাকোপ উপজেলার ভাইস চেয়ারম্যান প্রার্থী গৌরপদ বাছাড় এবং দাকোপ ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও খুলনা জেলা পরিষদের প্রশাসক শেখ হারুনূর রশিদ, সাধারণ সম্পাদক এসএম মোস্তফা রশিদী সুজা এমপি প্রমুখ। এদিকে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও গঠনতন্ত্র বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে রূপসা থানা বিএনপি থেকে তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। জেলা বিএনপির সভাপতি অধ্যাপক মাজিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক এডভোকেট এস এম শফিকুল আলম মনা গতকাল এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন।বহিষ্কৃতরা হলেন জেলা বিএনপির কোষাধ্যক্ষ ও রূপসা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোল্লা এনামুল কবির, থানা বিএনপির দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম মনির এবং ঘাটভোগ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস। আমতলীতে আওয়ামী লীগের তিন বিদ্রোহী প্রার্থী বহিষ্কার বরগুনা (উত্তর) প্রতিনিধি জানান, আমতলীতে দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুদ্দিন আহম্মেদ ছজু, সহ-সভাপতি মো.নূরুল ইসলাম মৃধা ও মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক একেএম সামসুদ্দিন আহম্মেদ শানুকে বহিষ্কার করা হয়েছে। গতকাল বুধবার উপজেলা আওয়ামী লীগের এক বর্ধিত সভায় বহিষ্কারের এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।