টাঙ্গাইলে বাসে গার্মেন্টস কর্মী গণধর্ষণের মামলায় চালকসহ চারজনের যাবজ্জীবন

আপডেট : ২২ মে ২০১৯, ২১:৫৪

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের ধনবাড়ীতে চলন্ত বাসে এক গার্মেন্টস কর্মীকে গণধর্ষণ মামলায় বাসের চালকসহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক বেগম খালেদা ইয়াসমিন বুধবার এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলো বাসের চালক হাবিবুর রহমান নয়ন, সহকারী খালেক ভুট্টো, আশরাফুল ও সুপারভাইজার রেজাউল করিম জুয়েল। এদের মধ্যে রেজাউল করিম জুয়েল পলাতক রয়েছে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৬ সালের ১ এপ্রিল কালিয়াকৈরের মৌচাকে কর্মরত এক গার্মেন্টস কর্মী টাঙ্গাইলের ধনবাড়ী বাসস্ট্যান্ড থেকে ভোর ৫টার দিকে বিনিময় পরিবহনের একটি বাসে উঠে কর্মস্থলের উদ্দেশে রওনা দেন। এসময় বাসে অন্য কোনো যাত্রী ছিল না। এই সুযোগে বাস কিছুদূর যাওয়ার পর বাসের জানালা দরজা বন্ধ করে চালক হাবিবুর রহমান নয়ন তাকে ধর্ষণ করে। পরে বাসের বাকি তিন শ্রমিকও পালাক্রমে ঐ নারীকে ধর্ষণ করে। এক পর্যায় টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের একটি নির্জন জায়গায় বাস থামিয়ে ঐ নারীকে নামিয়ে দেওয়া হয়। গুরুতর অবস্থায় তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে ধর্ষিতার স্বামী মামলা দায়ের করলে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে বাসের চালক, হেলপার ও সুপারভাইজারকে গ্রেফতার করে।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিশেষ পিপি নাসিমুল আক্তার নাসিম। আসামিপক্ষের আইনজীবী ছিলেন শামীম চৌধুরী।