ইতনা গণহত্যা দিবস আজ

আপডেট : ২২ মে ২০১৯, ২১:৫৫

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা

আজ ২৩ মে, ইতনার গণহত্যা দিবস। ইতনার ঠিক বিপরীতে মধুমতি নদীর ওপারে চরভাটপাড়া গ্রামে ১৯৭১ সালের ২২ মে পাকসেনারা চালায় গণহত্যা। অগ্নিসংযোগ করে ও মা-বোনদের সম্ভ্রমহানী ঘটায়। এ ঘটনার বাধা দেয় চর-ভাটপাড়া গ্রামের কৃষক অনিল কাপালী। তিনি পাকসেনাদের অস্ত্র মধুমতি নদীতে ফেলে নিজে সাঁতার কেটে চলে আসে এপারে ইতনায়। পরের দিন পাকসেনারা অনিল কাপালীকে ধরতে চর-ভাটপাড়া গ্রামের বাড়িতে বাড়িতে আগুন ধরিয়ে দেয়। আত্মরক্ষার জন্য চর-ভাটপাড়াবাসী বলে কাপালীর বাড়ি ইতনায়। পরের দিন ইতনায় গণহত্যার পরিকল্পনা করে ৫টি নৌবহর নিয়ে পাকসেনারা ভোরে পুরো গ্রাম ঘিরে ফেলে। তারা নির্বিচারে গুলি ছুড়তে শুরু করে। ইতনা হয়ে পড়ে ভূতুড়ে গ্রাম। লাশ আর লাশ। ঐদিন কমপক্ষে ৫০ থেকে ৬০ গ্রামবাসীকে পাকসেনারা হত্যা করে। এ নির্মম হত্যাকাণ্ডে আজ পর্যন্ত শহিদদের স্মরণে ইতনায় কোনো সৃতিস্তম্ভ গড়ে উঠেনি।

এদিকে, দিবসটি উপলক্ষে ইতনায় শহিদদের স্মরণে বিকেলে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।