নাজিরপুরে পুলিশের এএসআই গ্রেফতার \ থানায় মামলা

আপডেট : ২০ মার্চ ২০১৪, ২১:১৮
কতিপয় গ্রামবাসীর সহযোগিতায় দুই কিশোর-কিশোরীকে জোরপূর্বক বিয়ে দেয়ার ঘটনায় জেলার নাজিরপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। গত ১২ মার্চ কথিত প্রেমের কথা বলে শেখমাটিয়া বাকসী গ্রামের এক স্কুলছাত্রী ফাতেমা খানমকে (১৩) প্রতিবেশী ভ্যানচালক রমজান আলী মোল্লার সাথে বিয়ে দেয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় রমজানের দেয়া মামলায় গত বুধবার রাতে উক্ত এএসআইকে গ্রেফতার করা হয়েছে। এদিকে ধর্ষণের অভিযোগে নাজিরপুর থানার এএসআই আব্দুর রহমান এবং ঘটনায় জড়িত স্থানীয় মৌলভী মুজাহিদুল ইসলাম জাফর ও বাকসী এসএম দারুস সুন্নাত দাখিল মাদ্রাসার শিক্ষক অসীম মিস্ত্রিকে আগামী ৮ এপ্রিল তলব করেছে হাইকোর্ট। পিরোজপুরের পুলিশ সুপার এসএম আক্তারুজ্জামান জানান, দায়েরকৃত মামলার প্রেক্ষিতে উক্ত এএসআইকে আসামি হিসাবে গ্রেফতার করা হয়েছে। নাজিরপুর থানার ওসি জানান, বুধবার রাত সাড়ে ৮টার দিকে আব্দুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। উল্লেখ্য, গত ১২ মার্চ বাকসী গ্রামের কতিপয় ব্যক্তি পুলিশের সহায়তায় ফাতেমা ও রমজানকে আটক করে নির্যাতন ও অশ্লীল ছবি তুলে গ্রাম্য মাতুব্বরদের মাধ্যমে বিয়ে দেয়া হয়। এসময় ফাতেমাকে ধর্ষণ করা হয়েছে বলেও জানা যায়।