ঈদ উপলক্ষে খুলনার বাজারে নতুন টাকা

আপডেট : ২২ মে ২০১৯, ২১:৫৫

খুলনা অফিস

খুলনায় আসন্ন ঈদ উপলক্ষে বাজারে নতুন টাকার নোট ছাড়া হয়েছে। বুধবার সকাল থেকে বাংলাদেশ ব্যাংক খুলনা শাখা থেকে এ টাকা ছাড়া শুরু হয়েছে। আগামী ৩০ মে পর্যন্ত বাংলাদেশ ব্যাংকে নতুন টাকা পাওয়া যাবে। নগরীর মুজগুন্নী এলাকার বাসিন্দা আব্দুল হাই বলেন, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে ১০ ও ২০ টাকার দুই বাণ্ডিল নতুন নোট সংগ্রহ করেছি। ঈদের দিন বাচ্চা ও গরীব আত্মীয়-স্বজনদের দেওয়ার জন্য এই টাকা কাজে লাগবে।

নগরীর শেখপাড়া সাউথ সেন্ট্রাল রোড এলাকার গৃহবধূ রেহানা পারভীন বলেন, ঈদের দিন বাচ্চাদের দেওয়ার জন্য পাঁচ ও ১০ টাকার কয়েক বাণ্ডিল নতুন নোট নিয়েছি। তিনি প্রতিবছরই ঈদের আগে বাংলাদেশ ব্যাংক থেকে নতুন টাকার নোট নেন বলে জানান।

বাংলাদেশ ব্যাংকের খুলনা অফিসের সহকারী পরিচালক মো. নওয়াজ শরীফ বলেন, ঈদ-উল-ফিতর উপলক্ষে গ্রাহকদের মধ্যে ১০, ২০, ৫০, ও ১০০ টাকা মূল্যমানের নতুন নোট বিতরণ করা শুরু হয়েছে। এ কার্যক্রম আগামী সাতদিন চলবে।