বেতাগীতে আওয়ামী লীগ- বিএনপির ভোট যুদ্ধ

আপডেট : ২০ মার্চ ২০১৪, ২১:১৯
২৩ মার্চ চতুর্থ দফা বেতাগী উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদে ৫ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ প্রার্থী লড়াই করছেন। দলীয় টিকিটে লড়াইয়ে হেরে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী প্রতীক সর্বস্ব মাঠে থাকলেও বিএনপি’র একক প্রার্থী রয়েছে। আওয়ামী লীগ সমর্থিত দলীয় প্রার্থী পিছিয়ে থাকায় তাকে নিয়ে রাত-দিন মাঠে দাপটের সাথে বেড়াচ্ছেন বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাসানুর রহমান রিমন। ফলে ভোট যুদ্ধ হচ্ছে আওয়ামী লীগ-বিএনপি প্রার্থীর মধ্যে। ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদেও লড়াই বেশ জমে উঠেছে। এ দুটি পদে লড়াই হবে ত্রিমুখী। আওয়ামী লীগ-বিএনপি সকলেরই এখন মর্যাদা ও অস্তিত্বের লড়াইয়ে পরিণত হয়েছে। উওপ্ত হয়ে উঠছে রাজনৈতিক অঙ্গন। পাশাপাশি উন্নয়নের প্রতিশ্রুতি ব্যক্ত করা হচ্ছে। নির্বাচনে সকল কেন্দ্রেই গোলযোগের সন্দেহের তালিকায় থাকায় ১৯ দল সমর্থিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান ও নির্দলীয় প্রার্থীর সংঘাত ও কারচুপির আশঙ্কা করেছেন। এ বিষয়ে প্রার্থীরা ইতোমধ্যে নির্বাচন কমিশনসহ প্রশাসনের বিভিন্ন স্তরে অভিযোগ দিয়েছেন। এদিকে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি’র বিদ্রোহী প্রার্থীরা দুশ্চিন্তায় ফেলেছেন দল সমর্থিত প্রার্থীদের। তারা বিদ্রোহী হলেও দলের প্রার্থী হিসেবেই প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ফলে দল সমর্থিত ভোটাররাও বিভ্রান্তিতে পড়েছেন। আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে লড়ছেন আওয়ামী লীগ সমর্থিত দলীয় প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আলহাজ্ব এবিএম গোলাম কবির, কাপ-পিরিচ প্রতীকে বিদ্রোহী উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি অধ্যক্ষ মোঃ মোশারেফ হোসেন, দোয়াত-কলম প্রতীক নিয়ে ১৯ দল সমর্থিত দলীয় একক প্রার্থী উপজেলা বিএনপি সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ শাহজাহান কবির, ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতীক আওয়ামী লীগ সমর্থিত দলীয় প্রার্থী উপজেলা যুবলীগ সভাপতি আমিনুল ইসলাম পিন্টু, টিয়া পাখি প্রতীক নিয়ে বিএনপি মনোনীত পৌর ছাত্রদল সভাপতি ইকবাল হোসেন বুলেট, চশমা প্রতীক নিয়ে বিদ্রোহী উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক গোলাম সরোয়ার রিয়াদ খান, উড়োজাহাজ প্রতীক নিয়ে স্বতন্ত্র সাবেক ভাইস চেয়ারম্যান আবদুস সোবহান, টিউবওয়েল প্রতীক নিয়ে নির্দলীয় সালমান এইচ রাসেল।