নির্বাচনের টুকরো খবর

আপডেট : ২০ মার্চ ২০১৪, ২১:২১
উখিয়ার বিএনপিকে জামায়াতের সমর্থন উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা \ আগামী ৩১ মার্চ অনুষ্ঠিতব্য উখিয়া উপজেলা পরিষদ নির্বাচনে শেষ পর্যন্ত বাংলাদেশ জামায়াত ইসলাম উখিয়া শাখার নেতাকর্মীরা বিএনপিকে আনুষ্ঠানিক সমর্থন দিয়েছে। ফলে নির্বাচনী দৌড়ে বিএনপি’র একক প্রার্থী সরওয়ার জাহান চৌধুরী আরও একধাপ এগিয়ে গেছে বলে মনে করছেন ভোটাররা। তবে নির্বাচনী মাঠে আওয়ামী লীগের অন্য কোন বিদ্রোহী প্রার্থী না থাকায় একক প্রার্থী হিসেবে অধ্যাপক হুমায়ুন কবির চৌধুরীও সুবিধাজনক অবস্থানে রয়েছে। সামনে আর যে ক’দিন রয়েছে এরই মধ্যে কৌশল অবলম্বন করে যে প্রার্থী জন সমর্থন আদায় করতে পারে সেই স্বল্প ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে স্থানীয় নির্বাচনী বিশ্লেষকরা দাবি করছেন। পাকুন্দিয়ায় প্রার্থীদের গণসংযোগ অব্যাহত পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ পাকুন্দিয়া উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি’র প্রার্থীরা বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ অব্যাহত রেখেছেন। গত দু’দিন আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক চেয়ারম্যান প্রার্থী মো. রফিকুল ইসলাম রেনু (মোটর সাইকেল) উপজেলার চণ্ডিপাশা, কোদালিয়া, পাকুন্দিয়া পৌরসভা সদরে, জাংগালিয়া, মুনিয়ারীকান্দা, মঠখোলা, বাহাদিয়া ও বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আক্তারুজ্জামান খোকন (আনারস) উপজেলার জাংগালিয়া, কাজিহাটি, তারাকান্দি, সুখিয়া এলাকায় এবং উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক বাচ্চু উপজেলার সৈয়দগাঁও, আঙ্গিয়াদী, হোসেন্দী, উত্তরপাড়ার সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা ও কুশলবিনিময় করেন। এ সময় দলীয় নেতা-কর্মীরা তাদের সঙ্গে ছিলেন। বানারীপাড়ায় মহিলা ভাইস চেয়ারম্যানদের একই মত বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা \ বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা যেখানে একে অপরের মুখ দেখাদেখি বন্ধ করে সমালোচনা ও সহিংসতায় লিপ্ত থাকেন সেখানে বানারীপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ৪ মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর সুসম্পর্ক সেই কালচারকে বদলে দিয়ে এলাকায় দৃষ্টান্ত স্থাপন করেছে। তারা ৪জনই বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী হলেও অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে হেরে গেলেও সানন্দে মেনে নেয়ার ঘোষা দিয়েছেন। নালিতাবাড়ী ভাড়াটে কর্মীদের কদর বেড়েছে নালিতাবাড়ী (শেরপুর) সংবাদদাতা \ নালিতাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে কদর বেড়েছে প্রচারকদের। যে প্রচারক যতো বেশি চমকপ্রদ কথার ফুলঝুরি আউড়িয়ে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করতে পারেন, তার কদর ততো বেশি। ১০ জন প্রার্থীর জন্য ১৫/২০ জন প্রচারকের চাহিদা রয়েছে। এই চাহিদা মিটাতে প্রার্থীরা এলাকার বাইরে জেলা সদর থেকেও প্রচারকদের আনছে। ভালো একজন প্রচারক প্রতিদিন প্রচার কাজের জন্য পারিশ্রমিক বাবদ নিচ্ছেন কমপক্ষে ৭শ’ থেকে এক হাজার টাকা পর্যন্ত। শ্রীবরদীতে ৭ প্রার্থীর জামানত বাতিল শেরপুর প্রতিনিধি \ শ্রীবরদী উপজেলা পরিষদ নির্বাচনে ৬ চেয়ারম্যান ও ১ ভাইস চেয়ারম্যান প্রার্থী জামানত হারিয়েছেন। ১৫ মার্চ অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে বিএনপির বিদ্রোহী সুরুজ্জামান (৩৯১৮), খন্দকার ফারুক আহমেদ (৭০০৪), একেএম পারভেজ সারোয়ার আলম খোকন (৪০৫৯), আকরামুজ্জামান (৮৭৪), সফিকুল ইসলাম লিটন ( ৪২৫) ও নির্বাচন ছেড়ে দেয়া বর্তমান উপজেলা চেয়ারম্যান খোরশেদ আলম ফর্সা (৩৮৫) ভোট পেয়ে জামানত হারিয়েছেন। অপরদিকে ভাইস চেয়ারম্যান পদে ৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও জামানত হারিয়েছেন সাইফুল ইসলাম। তিনি পেয়েছেন ১০১ ভোট। দৌলতপুরে জাসদ প্রার্থীর মাইক ভাংচুর দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা \ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা নির্বাচনে জাসদ (ইনু) প্রার্থী শরিফুল কবীর স্বপনের প্রচার মাইক ভাংচুর করেছে দৌলতপুরের এমপি পুত্র কলিন্স ও তার ক্যাডাররা। এ সময় তারা প্রচার কাজে নিয়োজিত এক দৃষ্টি প্রতিবন্ধীসহ ৩ জনকে হাতুড়ি পেটা করে এবং ব্যবহূত সিএনজিটি ভাংচুর করেছে। শরিফুল কবীর স্বপন জানান, বুধবার রাত পৌনে ৮ টার দিকে দৌলতপুর আসনের সংসদ সদস্য রেজাউল হক চৌধুরীর ছেলে কলিন্স দলবল নিয়ে প্রচারকারী দৃষ্টি প্রতিবন্ধী রয়েল (৩৫) এনামুল (৩৮) ও সিএনজি চালক সেলিম (২৬) কে হাতুড়ি ও রড দিয়ে পিটিয়ে আহত করে। কালীগঞ্জে বিএনপির প্রার্থীকে জরিমানা কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা \ গতকাল বৃহস্পতিবার গাজীপুরের কালীগঞ্জ উপজেলা নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী মো. ফজলুল হক বাগমার নয়নকে নির্বাচন আচরণ বিধি লঙ্ঘনের অপরাধে জরিমানা করা হয়েছে। সহকারী রিটার্নিং অফিস সূত্রে জানা যায়, বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট নাহিদা পারভীনের পরিচালিত ভ্রাম্যমাণ আদালত নির্বাচন আচরণ বিধিমালার ৮/৪ ও ২১ ধারা লঙ্ঘনের দায়ে মো. ফজলুল হক বাগমার নয়নের ১৫ হাজার টাকা জরিমানা করেন। মুক্তাগাছার পুন:ভোট ২৭ মার্চ মুক্তাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা \ মুক্তাগাছায় ১৫ মার্চ অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে স্থগিত ৩টি কেন্দ্রের পুন: ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৭ মার্চ বৃহস্পতিবার । মুক্তাগাছা উপজেলা নির্বাহী ও সহকারী রিটার্নিং কর্মকর্তা পুন:নির্বাচনের এই তারিখ আজ বুধবার সাংবাদিকদের নিশ্চিত করেন । পুঠিয়ায় ১৮টি কেন্দ্র গুরুত্বপূর্ণ পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতা \ চতুর্থ পুঠিয়া উপজেলা পরিষদ নির্বাচনে রাজশাহীর পুঠিয়া উপজেলায় ৫৯টি কেন্দ্রের ১৮টি গুরুত্বপূর্ণ। প্রশাসন ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর ধরন গুরুত্বপূর্ণ হিসাবে চিহ্নিত করেছে। পুঠিয়া উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, পুঠিয়া ইউনিয়ন ও পৌরসভায় ২টি করে ৪টি, বেলপুকুরিয়া ইউনিয়নে ৩টি, বানেশ্বর ইউনিয়নে ৫টি, ভালুকগাছী ইউনিয়নে ১টি, শিলমাড়ীয়া ইউনিয়নে ২টি এবং জিউপাড়া ইউনিয়নে ৩টি কেন্দ্র গুরুত্বপূর্ণ। মীর্জাগঞ্জে ২৫টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ মীর্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা \ মীর্জাগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নে ৪০টি ভোট কেন্দ্রে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে ২৫টি ভোট কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ রয়েছে বলে মীর্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাবিবুর রহমান জানিয়েছেন। এবারের নির্বাচনে উপজেলার মোট ভোটারের সংখ্যা ৭৭ হাজার ৯৫৬ জন। তন্মধ্যে পুরুষ ভোটার ৩৮ হাজার ৬১ জন এবং মহিলা ভোটার ৩৯ হাজার ৮৯৫ জন। মোট পোলিং বুথ সংখ্যা ১৯৭টি রয়েছে। মঠবাড়িয়ায় বিএনপি প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা \ সরকারি কাজে বাধা ও আওয়ামী লীগ অফিস ভাংচুর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ১৯ দলীয় জোট সমর্থিত চেয়ারম্যান প্রার্থী রুহুল আমীন দুলাল প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মো. আশরাফুর রহমান। গত বুধবার দুপুরে মঠবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ অভিযোগ করেন । সিলেটে দুর্নীতিমুক্ত উপজেলা গঠনে শপথ সিলেট অফিস \ নির্বাচিত হলে দুর্নীতিমুক্ত উপজেলা গঠনে অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন সিলেট সদর উপজেলার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান প্রার্থীরা। বুধবার সকালে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সুজন-সনাক-এর যোগ্য প্রার্থী বাছাই শীর্ষক মুখোমুখি অনুষ্ঠানে তারা এ প্রত্যয় ব্যক্ত করেন। পরে ভোটারদের শপথ পাঠ করান সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী। সনাক সভাপতি ইরফানুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও সুজন সভাপতি ফারুক মাহমুদ চৌধুরীর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে ৫ জন প্রার্থী অংশ নেন। তারা হলেন-চেয়ারম্যান প্রার্থী মকবুল হোসেন মকু, ভাইস চেয়ারম্যান প্রার্থী উস্তর আলী, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী দিলারা হাসান ও হেনা বেগম। মির্জাপুরে ভাইস চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা মির্জাপুর(টাঙ্গাইল)সংবাদদাতা \ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ টাঙ্গাইলের মির্জাপুরে বিএনপির বিদ্রোহী ও সম্মিলিত নাগরিক কমিটির উপজেলা পরিষদ নির্বাচনের ভাইস চেয়ারম্যান প্রার্থী এস এম মহসীন(৩৫) কে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি নাসরিন সুলতানা এবং উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার আফরোজা আকতার চৌধুরী । গত সোমবার তাকে জরিমানা করা হয়েছে বলে নির্বাচন অফিস সূত্র জানিয়েছে। গোপালপুরে সরে দাঁড়ালেন আ.লীগের বিদ্রোহী প্রার্থী গোপালপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ মধুপুর উপজেলা পরিষদের নির্বাচন থেকে বুধবার দুপুরে মধুপুর উপজেলা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে নিজের প্রার্থীতা প্রত্যাহার করে নেন আওয়ামীলীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী এবং বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান ডাক্তার মীর ফরহাদুল আলম মনি। তার প্রতীক ছিল আনারস। সাংবাদিক সম্মেলনে ডাক্তার মনি লিখিত বক্তব্যে জানান, তিনি দলীয় প্রধান শেখ হাসিনা, প্রধান মন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম এবং স্থানীয় সাংসদ ড. আব্দুর রাজ্জাকের নেতৃত্বের প্রতি আস্থা রেখে আওয়ামী সমর্থিত প্রার্থী সরোয়ার আলম খান আবুর প্রতি সমর্থন ব্যক্ত করে প্রার্থীতা প্রত্যাহার করে নিচ্ছেন। ঘুরে দাঁড়ালো রায়পুরা বিএনপি রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা \ দীর্ঘ প্রায় তিন বছর পর কয়েক ভাগে বিভক্ত থাকা নেতাকর্মীরা উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সকল মান অভিমান দ্বীধাদন্ধ ভুলে এ উপজেলায় বিএনপির একক প্রার্থীকে নির্বাচিত করতে কোমর বেধে মাঠ নেমেছেন। পাশাপাশি কেন্দ্রীয় নেতাকর্মীদের অনেকেই বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী ফজলুর রহমান, ভাইস চেয়ারম্যান ইদ্রিছ আলী মুন্সী ও জাহেদা বেগমের পক্ষে উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করতে দেখা গেছে। মনপুরায় প্রার্থীরা ব্যস্ত মনপুরা (ভোলা)সংবাদদাতা \ মনপুরায় নির্বাচনী প্রচার প্রচারনা জমে উঠেছে। প্রার্থীরা উঠান বৈঠক,পথসভা,গনসংযোগ করে ব্যাস্ত সময় পার করছেন। নেতা কর্মীরা তাদের পছন্দের প্রার্থীর পক্ষে গনসংযোগ,মাইকিং, পোষ্টার, লিফলেট, ব্যানার, ফেস্টুন নিয়ে প্রচারনায় নেমে পড়ছে। এলাকার গুরুত্ব পুর্ন স্পটগুলোতে ছেয়ে গেছে নির্বাচনী পোষ্টার। উপজেলার বিভিন্ন চায়ের দোকান,আড্ডাস্থল, হাট বাজার,সভা সমাবেশ,সামাজিক অনুষ্ঠান আলোচনার প্রধান বিষয় বস্তু হয়ে দাড়িয়েছে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের সামাজিক ও ব্যাক্তিগত ইমেজের কথা। হবিগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর সাংবাদিক সম্মেলন হবিগঞ্জ প্রতিনিধি \ হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক নির্বাচনে কারচুপির আশংকা করে প্রতিটি ভোট কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। বুধবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি অভিযোগ করেন- মহল বিশেষ অসাংবিধানিক পন্থায় অপপ্রচার চালিয়ে পেশী শক্তি প্রদর্শনের হুঙ্কার দিচ্ছেন। এদিকে নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচনে বিএনপি’র একক প্রার্থী হলেও আ’লীগের রয়েছেন ৩ জন প্রার্থী। আ’লীগের ৩ প্রার্থী হচ্ছেন, আলমগীর চোধুরী (দোয়াত-কলম), ফজলুল হক চৌধুরী সেলিম (ঘোড়া) ও অধ্যাপক মুজিবুর রহমান (টেলিফোন)। বিএনপি প্রার্থী মুজিবুর রহমান শেপু (চিংড়ী মাছ), স্বতন্ত্র প্রার্থী আব্দুল হাই (আনারস), স্বতন্ত্র প্রার্থী মাসুদ আহমদ জিহাদী (মোটরসাইকেল), স্বতন্ত্র প্রার্থী আব্দুস সহিদ (কাপ-পিরিচ), স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান চৌধুরী শামীম (হেলিকপ্টার), স্বতন্ত্র প্রার্থী মোঃ মইনুল আমীন (ফেজটুপি)। লোহাগড়ায় বিজয়ী প্রার্থীকে জরিমানা লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা \ নড়াইলের লোহাগড়ায় আওয়ামী লীগ দলীয় বিজয়ী চেয়ারম্যান প্রার্থী সৈয়দ ফয়জুল আমির লিটু কে ১০ হাজার টাকা জরিমানা করেছে। উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ১৭ মার্চ এ জরিমানা করা হয়। সহকারী রিটার্নিং অফিসার ও লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেবেকা খান এ জরিমানা করেন।