বিদেশে বিভিন্ন মিশনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৪তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস যথাযথ মর্যাদায় উদযাপিত হয়েছে। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস, নিউইয়র্কে জাতিসংঘের স্থায়ী মিশন, ইসলামাবাদস্থ হাইকমিশন ও ভারতের মুম্বাইয়ে উপ-হাইকমিশনে সোমবার নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাণীও পাঠ করা হয়।
ওয়াশিংটনস্থ দূতাবাসে শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, আলোচনা এবং দোয়ার আয়োজন করা হয়। আলোচনার শুরুতেই বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত মিশন প্রধান আবদুল মুহিত। এছাড়া বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (প্রেস) স্বপন কুমার সাহা, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার মিজানুর রহমান এবং প্রবাসী বিশিষ্টজন আবুল কালাম আজাদ, জিয়াউদ্দীন খান, নুরুল আমীন নুরু, মো. মাহমুদুন নবী (বাকী), শেখ সেলিম ও রফিক পারভেজ প্রমুখ বক্তব্য রাখেন।
নিউইয়র্কে জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশনে আলোচনা সভা, সঙ্গীত, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং কবিতা আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়। রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন স্থায়ী প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেন। অনুষ্ঠানের সার্বিক পরিকল্পনা ও উপস্থাপনায় ছিলেন মিশনের প্রথম সচিব (প্রেস) মামুন-অর-রশিদ।
ইসলামাবাদে নিয়োজিত বাংলাদেশের হাইকমিশনার সোহরাব হোসেন শিশুদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। অন্যদিকে, ভারতের মুম্বাইস্থ উপ-হাইকমিশনে আলোচনা, দোয়া মাহফিল ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। আলোচনা অনুষ্ঠানে উপ-হাইকমিশনার সামিনা নাজ বক্তব্য রাখেন।
