লাখাইয়ে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত

আপডেট : ২৮ নভেম্বর ২০১৮, ২২:১৩

লাখাইয়ে গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ইকবাল মিয়া (২২) নামে এক যুবক নিহত হয়েছে। এছাড়াও এ ঘটনায় আহত হয়েছে আরও ২০ জন। নিহত ইকবাল মিয়া কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থানার শরীফপুর গ্রামের মঞ্জুর আলীর পুত্র। গত মঙ্গলবার লাখাই উপজেলার স্বজনগ্রামে সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২০ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন জানান, ১নং লাখাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনায়েত হোসেনের সঙ্গে অপর আওয়ামী লীগ নেতা মারাজ মিয়ার গ্রাম্য আধিপত্য বিস্তারসহ বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে দীর্ঘদিন যাবত্ বিরোধ চলে আসছিল। এরই জের ধরে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় ইকবাল মিয়া, নূর মোহাম্মদ, লতিফ মিয়া, শাহ আলম, সুলতান মিয়াসহ বেশ কয়েকজনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হলে মঙ্গলবার সন্ধ্যায় হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যায় ইকবাল মিয়া। দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ১৫ জনকে আটক করেছে।