খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনে আইনি প্রক্রিয়া মানা হয়নি

আপডেট : ২০ মার্চ ২০১৪, ২৩:১২
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এটি তাকে মানসিকভাবে বিপর্যস্ত করার সরকারের কুটিল চক্রান্তের অংশ। রিজভী বলেন, অভিযোগ গঠন যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে হয়নি। বিএনপির চেয়ারপারসন আদালতে উপস্থিত ছিলেন, অথচ অভিযোগ গঠনের বিষয়ে কোনো প্রস্তাব উত্থাপন করা হয়নি। সে বিষয়ে কোনো শুনানিও হয়নি। দোষী না নির্দোষ, তা জিজ্ঞাসাও করা হয়নি। তিনি বলেন, আইনি লড়াইয়ের পাশাপাশি বিএনপি রাজনৈতিকভাবেও এ বিষয়টি মোকাবিলা করবে। দুটি দুর্নীতির মামলায় অভিযোগ গঠনের পরদিন গতকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে দলের নয়াপল্টনস্থ কেন্দ ীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এসব কথা বলেন। উপজেলা নির্বাচনে নিজেদের পক্ষে ফল নিতে সরকার পিরোজপুর, নারায়ণগঞ্জ, সিরাজগঞ্জ, যশোরসহ বিভিন্ন জায়গায় হামলা-মামলা নির্যাতন চালাচ্ছে অভিযোগ করে রিজভী বলেন, মিথ্যা বিজয়ের গরিমা লাভের জন্য সরকার ব্যাপক সহিংসতার আশ্রয় নিয়ে অধিকাংশ উপজেলা চেয়ারম্যান পদ ছিনিয়ে নিচ্ছে। সরকারকে হুঁশিয়ার করে তিনি বলেন, শান্তিপূর্ণ আন্দোলন যদি বন্দুকের তপ্ত বুলেটে দমন করা হয়, তাহলে পাল্টা ব্যবস্থাও হবে লৌহকঠিন। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ, বরকতউল্লা বুলু প্রমুখ উপস্থিত ছিলেন।