সংরক্ষিত দুটি নারী আসনে প্রতিদ্বন্দ্বিতা সংসদে প্রতিনিধিত্বকারী আটটি দল ও জোট সবার জন্যে উন্মুক্ত হয়ে গেছে। এক্ষেত্রে আর তা বরাদ্দ পাওয়া কোনো দল বা জোটের জন্য নির্ধারিত নেই। দুইজনের বেশি মনোনয়নপত্র জমা দিলেই ভোট হবে। তাদের নির্বাচিত করতে সংসদ সদস্যদের ভোট দিতে হবে।
গতকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. সিরাজুল ইসলাম প্রেস ব্রিফিং-এ এ তথ্য জানিয়েছেন। ক্ষমতাসীন আওয়ামী লীগের সাবিহা নাহার বেগম ও বিরোধী দল জাতীয় পার্টির খোরশেদ আরা হক দল থেকে মনোনয়ন পেলেও ইসির বাছাইতে তাদের মনোনয়নপত্র বাতিল হয়।
ইসি সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব জানান, সংরক্ষিত মহিলা আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৮ জনের নাম-ঠিকানাসহ গেজেট প্রকাশের জন্য বিজি প্রেসে পাঠানো হয়েছে। বাকি দুইজনের মনোনয়ন বাতিল হওয়ায় বৃহস্পতিবার থেকে পরবর্তী ২১ দিনের মধ্যে দুই আসনের তফসিল ঘোষণা করা হবে।
ইসি কর্মকর্তারা জানান, দেশের নির্বাচনী ইতিহাসে প্রথমবারের মতো দ্বিতীয়বার নারী আসনের তফসিল দিতে হচ্ছে। শিগগির দশম সংসদের বাকি দুই আসনের তফসিল দেয়া হবে। আওয়ামী লীগের ৩৮, জাতীয় পার্টির ৫, ওয়ার্কার্স পার্টির ১, জাসদের ১ ও স্বতন্ত্র জোটের ৩ জন ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
