স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা
স্বরূপকাঠিতে ঈদের কেনাকাটায় জমে উঠছে বাজার। ঈদের দিন যতই ঘনিয়ে আসছে ততই ক্রেতাদের ভিড় বাড়ছে। সকাল থেকে রাত ১০টা পর্যন্ত চলে বেচাকেনা। উপজেলার মিয়ারহাট, জগন্নাথকাঠি ও ইন্দুরহাট বন্দরের বিপণি বিতানগুলো ঈদের কেনাকাটায় সরগরম।
মিয়ারহাট ঘুরে দেখা গেছে, দোকানীরা বিপণি বিতানগুলোতে হরেক রকমের ডিজাইনের পোশাকের পসরা সাজিয়েছে। নানা ডিজাইনের নতুন নতুন ঈদ পোশাক সাজিয়ে ক্রেতা আকর্ষণের প্রতিযোগিতা শুরু করেছেন তারা। বিপণি বিতানগুলো ছাড়াও ফুটপাতের দোকানেও ক্রেতাদের ভিড় বেড়েছে।
মিয়ারহাট বন্দরের মামনি গার্মেন্টসের মালিক রিয়াদসহ কয়েকজন বিক্রেতা জানান, রোজার শুরু থেকেই বেচাকেনা শুরু হয়েছে এবং বাচ্চাদের পোশাক বেশি বিক্রি হচ্ছে। প্রতি বছরের মতো এ বছরও কেনাকাটায় তরুণী ও গৃহবধূদের প্রাধান্যই বেশি। কসমেটিকসের দোকানেও তরুণীদের বেজায় ভিড়। মোবাইল ফোন ও জুতার দোকানেও ক্রেতাদের ভিড় বাড়ছে।
